বাড়ির সামনে হাম্প যেন নরকযন্ত্রণা, সুরাহা চেয়ে গলায় প্ল্যাকার্ড দম্পতির
সূর্যকান্ত কুমার, কালনা
পথচলতি মানুষের সুরক্ষায় রাস্তায় তৈরি হয়েছিল স্পিড ব্রেকার বা হাম্প। কিন্তু সেই হাম্পই যে এক বৃদ্ধ দম্পতির জীবনের শান্তি কেড়ে নিয়ে রাতের ঘুম উড়িয়ে দেবে, তা কে জানত! গাড়ির বিকট আওয়াজ আর কম্পনে এক দিকে যেমন ভেঙে পড়ছে শরীর ও মন, তেমনই ফাটল ধরেছে সাধের বাসায়। বার বার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। অবশেষে নিরুপায় হয়ে এই তীব্র গরমের মধ্যেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কালনার মহকুমাশাসকের কার্যালয়ে ধরনায় বসলেন এক প্রৌঢ় দম্পতি। সোমবার কালনা শহরে ঘটে নজিরবিহীন এই ঘটনা।