খুশকিরও প্রকারভেদ রয়েছে, ড্যানড্রাফ ‘অয়েলি’ না ‘ড্রাই’ বুঝবেন কী করে? - 24 Ghanta Bangla News
Home

খুশকিরও প্রকারভেদ রয়েছে, ড্যানড্রাফ ‘অয়েলি’ না ‘ড্রাই’ বুঝবেন কী করে?

Spread the love

গ্রীষ্মের প্রখর দাবদাহ আর অতিরিক্ত আর্দ্রতা ত্বকের পাশাপাশি চুলেরও বারোটা বাজাচ্ছে। এই মরশুমে চড়া রোদ, ধুলোবালি, দূষণ আর অনবরত ঘামের কারণে স্ক্যাল্প দ্রুত আঠালো ও তৈলাক্ত হয়ে পড়ে। কারও কারও আবার মাথার ত্বকে অস্বস্তি, চুলকানি শুরু হয়। আর এই ঘাম-তেলের সঙ্গে যে সমস্যাটি জাঁকিয়ে বসে, সেটি হলো— খুশকি বা ড্যানড্রাফ (Dandruff)।

অধিকাংশ মানুষই মনে করেন, মাথা থেকে সাদা গুঁড়ো ঝরে পড়া মানেই বুঝি খুশকি। কিন্তু ডার্মাটোলজিস্টরা বলছেন এই ধারণা পুরোপুরি ঠিক নয়। চিকিৎসকদের মতে, মাথায় মূলত দু’ধরণের খুশকি থাকে। একটি হলো তৈলাক্ত বা অয়েলি ড্যানড্রাফ (Oily Dandruff) এবং অন্যটি শুকনো বা ড্রাই ড্যানড্রাফ (Dry Dandruff)। দুটোর ক্ষেত্রেই চুলকানি এবং চামড়া ওঠার লক্ষণ দেখা যায়। তবে এ ক্ষেত্রে স্ক্যাল্পের পরিবেশ এবং এদের ধরন সম্পূর্ণ আলাদা। তাই সারা বছর অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করলেও লাভের লাভ কিছু হবে না।

খুশকি কেন হয়?

মাথার ত্বকে প্রাকৃতিক ভাবেই ‘মেলাসেজ়িয়া’ (Malassezia) নামক এক ধরণের ইস্ট বা ছত্রাক বাস করে। এই অণুজীবটি স্ক্যাল্পের প্রাকৃতিক তেল বা ‘সেবাম’ (Sebum) খেয়ে বেঁচে থাকে। যখন কোনও কারণে এই সেবাম নিঃসরণ বেড়ে যায়, তখন এই ছত্রাকের বংশবৃদ্ধিও দ্রুত হারে হতে থাকে।

শরীর যখন এই ছত্রাকের বাই-প্রোডাক্টের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে, তখন মাথার ত্বকে প্রদাহ ও জ্বালা তৈরি হয় এবং স্ক্যাল্পের কোষগুলো দ্রুত ঝরে পড়তে শুরু করে। সাধারণত মরা চামড়া অদৃশ্য ভাবে ঝরে যায়, কিন্তু কোষের এই দ্রুত পরিবর্তনের ফলে সেগুলি দলা পাকিয়ে খুশকি হিসেবে হয়ে ধরা দেয়। ড্যানড্রাফ ড্রাই হবে না অয়েলি, তা নির্ভর করে স্ক্যাল্পে তেলের পরিমণের উপর।

অয়েলি বনাম ড্রাই ড্যানড্রাফ:

১. তৈলাক্ত খুশকি (Oily Dandruff)

এই ধরণের খুশকি দেখতে কিছুটা হলদেটে বা অফ-হোয়াইট রঙের। এগুলি আঠালো ও চটচটে হয়। খোসার মতো স্ক্যাল্পের গায়ে বা চুলের গোড়ায় লেপ্টে থাকে। মাথা চুলকালে নখের ডগায় এই আঠালো নোংরা উঠে আসে। শ্যাম্পু করার ১-২ দিনের মধ্যেই মাথা আবার চটচটে হয়ে যায়।

  • কেন বাড়ে: অতিরিক্ত আর্দ্রতা, ঘাম, দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকা, চুলে ভারী স্টাইলিং জেল বা হেয়ার ক্রিম ব্যবহার করা এবং নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার না করার ফলে এই খুশকি মারাত্মক আকার ধারণ করে।

২. শুকনো খুশকি (Dry Dandruff)

এটি একদম হালকা, সাদা পাউডারের মতো গুঁড়োর মতো হয়। চুল আঁচড়ালে বা মাথা ঝাড়লে তুষারকণার মতো খুশকি পোশাকের উপর কাঁধে বা পিঠে এসে পড়ে।

  • কেন বাড়ে: অনেকে একে সাধারণ ড্রাই স্কিন ভেবে ভুল করেন এবং মাথায় অতিরিক্ত তেল মাখতে শুরু করেন। কিন্তু মনে রাখবেন, এটিও সেই ‘মেলাসেজ়িয়া’ ছত্রাকের কারণেই হয়। তাই চুলে শুধু তেল বা ময়েশ্চারাইজ়িং শ্যাম্পু মাখলে অস্বস্তি কমে। কিন্তু খুশকি পুরোপুরি দূর হয় না।

খুশকির ধরন চেনার সহজ পরীক্ষা:

স্ক্যাল্প তৈলাক্ত নাকি শুকনো, তা বুঝতে একটি সহজ ‘বাটার পেপার টেস্ট’ (Butter Paper Test) করতে পারেন। চুলের সিঁথি আলাদা করে সেখানে একটি ছোট বাটার পেপারের টুকরো হালকা চেপে ধরুন। কাগজে যদি দ্রুত তেলের ছাপ ফুটে ওঠে, তবে বুঝবেন আপনার স্ক্যাল্প তৈলাক্ত। সে ক্ষেত্রে খুশকিও অয়েলি হবে। আর কাগজ যদি একদম শুকনো থাকলে, তা হলে ড্যানড্রাফ ড্রাই হওয়ার আশঙ্কাই বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *