Donald Trump: 'প্রধানমন্ত্রী মোদীকে খুব ভালবাসি, ভারত যা চাইবে...', প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প | Donald Trump praises Narendra Modi During Marco Rubio India Tour, Calls Himself Big Fan of PM - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: ‘প্রধানমন্ত্রী মোদীকে খুব ভালবাসি, ভারত যা চাইবে…’, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প | Donald Trump praises Narendra Modi During Marco Rubio India Tour, Calls Himself Big Fan of PM

Spread the love

নয়া দিল্লি: দিল্লি সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। তাঁর এই সফর ভারত-আমেরিকার (India-US) দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই আবহেই ফের ট্রাম্পের মুখে শোনা গেল মোদীর প্রশংসা। শুধু তাই নয় নিজেকে মোদীর একজন ভক্ত বলেও দাবি করেছেন তিনি। ভারত-আমেরিকার বন্ধুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি।

রুবিও-র ভারত সফর

শনিবারই ভারতে পা দিয়েছেন মার্কো রুবিও। প্রথমেই স্ত্রীকে নিয়ে কলকাতায় পৌঁছন। তারপর সেখান থেকে সোজা দিল্লি। তারপর থেকেই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একের পর এক বৈঠক করছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সেরেছেন। আলোচনায় গুরুত্ব পেয়েছে বাণিজ্য চুক্তি থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আশার বাণী শুনিয়েছেন। আজ আবার দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাম্পের প্রশংসা

দিল্লির এই অনুষ্ঠানেই ফোনে সকলের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন,”আমি প্রধানমন্ত্রীকে খুব ভালবাসি। মোদী খুব ভালো মানুষ। মোদী আমার বন্ধু এবং আজ এখানে উপস্থিত সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাতে চাই, এবং আমি শুধু বলতে চাই, আপনারা খুব ভালো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এর আগে কখনও এত ভালো ছিল না। ভারত আমার ও আমাদের দেশের ওপর শতভাগ আস্থা রাখতে পারে।”

প্রধানমন্ত্রী মোদীর বড় ভক্ত…

ট্রাম্প বলেন, “তাঁদের যদি কখনও সাহায্যের প্রয়োজন হয়,তাঁরা জানেন কোথায় ফোন করতে হবে। তাঁরা ঠিক এখানেই ফোন করবেন। আমরা ভালো করছি। আমরা রেকর্ড গড়ছি। আমাদের একটি রেকর্ড-গড়া অর্থনীতি, একটি রেকর্ড-গড়া শেয়ার বাজার রয়েছে এবং ভারত যা চায়,সবই তাঁরা পাবেন। আমি প্রধানমন্ত্রী মোদীর একজন বড় ভক্ত।”

মার্কিন প্রেসিডেন্ট অনুষ্ঠানে উপস্থিত বিদেশ সচিব মার্কো রুবিওরও প্রশংসা করেন। ট্রাম্প বলেন, “মার্কো সর্বশ্রেষ্ঠ। তিনি আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিদেশ সচিব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মোদীকে আমার শুভেচ্ছা জানাবেন এবং বলবেন যে আমি তাঁর একজন বড় ভক্ত।”

ভারত ও আমেরিকার মধ্যে কয়েক দশকের পুরনো সম্পর্ক

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প-মোদির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোর বলেন, “যখনই প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়, তিনি প্রথম যে প্রশ্নটি করেন তা হল, আমার বন্ধু প্রধানমন্ত্রী কেমন আছেন? এটা উল্লেখ করা জরুরি যে, এই সম্পর্ক নতুন নয়। এর বয়স প্রায় এক দশকের।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি অনুযায়ী, শনিবারের বৈঠকে রুবিও-র সঙ্গে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, শিক্ষা নিয়ে আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *