পা ধরে মাঠ ছাড়লেন, বিশ্বকাপ শুরুর ঠিক আগেই মেসির চোট নিয়ে আশঙ্কায় আর্জেন্তিনা
মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর মেসির আচরণ আরও চিন্তা বাড়ায়। সাধারণত বদলি হওয়ার পর ফুটবলাররা বেঞ্চে বসে বাকি ম্যাচ দেখেন। কিন্তু মেসি সতীর্থদের পাশে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এর ফলে চোট নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। এর আগেও একই হ্যামস্ট্রিং সমস্যার কারণে চলতি বছরের শুরুতে ইন্টার মায়ামির কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তিনি।
কোচ বলছেন, মেসি খুব ক্লান্ত ছিলেন
ম্যাচের পর ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস মেসিকে নিয়ে দাবি করেন, এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি। তবে তাঁর মনে হয়েছে, মেসি খুব ক্লান্ত ছিলেন। হোয়োস বলেন, ‘এখনও আমাদের হাতে কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। তবে খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যাবে। আমার মনে হয়েছে, ও খুব ক্লান্ত ছিল। মাঠও খুব ভারী ছিল। এমন অবস্থায় সামান্য সমস্যা দেখা দিলেও ঝুঁকি না নেওয়াই ভালো।’
কোচের এই মন্তব্য কিছুটা স্বস্তি দিলেও চিন্তা পুরোপুরি কাটেনি। কারণ, মেসির বয়স এখন ৩৮ বছর। এই সময় বড় চোট হলে তা থেকে দ্রুত ফিরে আসা সহজ নয়। আর বিশ্বকাপের আগে এমন সমস্যা আর্জেন্তিনার জন্য বড় ধাক্কা হতে পারে।