জন্ম থেকে দৃষ্টিহীন সত্যই যষ্টি বাবা-মায়ের
সুমন ঘোষ, খড়্গপুর
‘অন্ধের সম্বল যষ্টি’ই। কথাটা সবারই জানা। অথচ জন্ম থেকে দৃষ্টিহীন হলেও নিজেই যষ্টি হয়ে বাবা-মায়ের দায়িত্ব পালন করে চলেছেন এমন মানুষও রয়েছেন। এমএ, বিএড পাশ করার পরেও চাকরি পাননি। প্রতিবন্ধী ভাতা ও গুটিকয় ছাত্র পড়িয়ে সংসারকে সচল রেখেছেন। সম্প্রতি মিলেছে আবাস যোজনার বাড়ি। কিন্তু সামান্য আয়ের টাকায় বাড়ি করবেন কী ভাবে? দুশ্চিন্তায় সাহায্যের আশায় বিভিন্ন মানুষের দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন সত্য মাইতি। বলছেন, ‘আমার যা পরিস্থিতি তাতে বাড়ি তো একবারই করতে পারব। তাই সাহায্যের আশায় সবাইকে বলছি।’