ছেলেকে সামনে আনলেন ক্যাটরিনা-ভিকি, কী অনুরোধ করলেন? | Katrina kaif vicky kaushal son behaan first appearance mumbai airport
২০২৫ সালের নভেম্বর মাসে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড কুইন ক্যাটরিনা কইফ। মা হওয়ার পর থেকে লাইমলাইট থেকে নিজেকে প্রায় গুটিয়েই নিয়েছিলেন অভিনেত্রী। মাঝেমধ্যে বিশেষ কোনও উৎসবে পরিবারের সঙ্গে হালকা ছবি শেয়ার করা ছাড়া সেভাবে তাঁকে প্রকাশ্যে দেখাই যেত না। মা হওয়ার স্বাভাবিক প্রভাব পড়েছে তাঁর চেহারায়, বেড়েছে ওজনও। তবে ক্যাটরিনার সেই মাতৃত্বকালীন রূপ দেখেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একই সঙ্গে ভক্তদের অপেক্ষা ছিল এক ঝলক ভিকি-ক্যাটের সন্তানকে দেখার। অবশেষে অনুরাগীদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ছেলে ‘বিহান’কে ক্যামেরার সামনে আনলেন এই তারকাদম্পতি।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে খুদে বিহানকে কোলে নিয়ে ধরা দিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। মা হওয়ার পর এই প্রথম সন্তানকে নিয়ে ঘরের বাইরে পা রাখলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই ক্যাটরিনাকে দেখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে, ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে। তবে কোনো রকম লুকোছাপা না করে ক্যাটরিনা নিজেই অত্যন্ত মিষ্টিভাবে চিত্রসাংবাদিকদের কাছে অনুরোধ করেন, যেন তাঁর ছেলের ছবি এই মুহূর্তে তোলা না হয়।
পাপারাৎজিরাও ক্যাটরিনার সেই অনুরোধ লুফে নেন এবং ক্যামেরা নামিয়ে রাখেন। তবে ক্যামেরার লেন্সে বন্দি না করলেও, ছবিশিকারিদের সঙ্গে নিজের একরত্তি ছেলের আলাপ করিয়ে দিতে ভোলেননি নতুন মা।
বিহানের বয়স এখন মোটে সাত মাস। আর এই একরত্তি বয়সেই তাকে নিয়ে ছুটি কাটাতে চললেন তারকা মা-বাবা। বিমানবন্দরে পাপারাৎজিদের নিজের ছেলের মুখ দেখালেও, সাধারণ দর্শকদের জন্য এখনই বিহানের ছবি প্রকাশ্যে আনছেন না তাঁরা।
বলিপাড়ায় এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে— সাধারণত সন্তানের এক বছর বয়স না হওয়া পর্যন্ত তার মুখ ক্যামেরার সামনে আনা হয় না। রণবীর কাপুর ও আলিয়া ভাট যেমন রাহার ক্ষেত্রে এক বছর অপেক্ষা করেছিলেন, তেমনই দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও তাঁদের কন্যাসন্তান দুয়ার মুখ এক বছর পূর্ণ হওয়ার পরেই নেটদুনিয়ায় প্রকাশ করেছেন। বলিপাড়ার গুঞ্জন, রণবীর-আলিয়া বা দীপিকা-রণবীরের পথ অনুসরণ করেই হয়তো ভিকি ও ক্যাটরিনাও বিহানের প্রথম জন্মদিনে, অর্থাৎ আগামী আরও মাসছয়েক পরেই ছেলের মুখ আনুষ্ঠানিকভাবে বিশ্বের সামনে আনবেন।