CNG Price Hike: পেট্রোল-ডিজেলের পর দাম বেড়ে গেল CNG-রও! অটো-বাস ভাড়াও বাড়বে? | After Petrol Diesel, CNG Becomes Costlier Again! Will Auto and Bus Fares Increase Now?
পেট্রোল পাম্পে লম্বা লাইন।Image Credit: PTI
নয়া দিল্লি: পেট্রোল-ডিজেলের পর এবার সিএনজি-তেও ধাক্কা। দাম বাড়ল কমপ্রেসড ন্যাচরাল গ্যাসের। প্রতি কেজিতে এক টাকা করে দাম বেড়েছে সিএনজির। ৯ দিনের মধ্যে তিনবার দাম বাড়ল সিএনজির।
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে প্রকট হচ্ছে জ্বালানি সঙ্কট। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতে জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে। এর কারণেই পেট্রোল-ডিজেল থেকে শুরু করে সিএনজি, এলপিজির দাম বাড়ছে। ইতিমধ্যেই আজ থেকে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। পেট্রোলে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এবার সিএনজির দামও বাড়ল।
কত দাম বাড়ল?
দিল্লি-এনসিআরে প্রতি কেজিতে সিএনজির দাম এক টাকা করে বেড়েছে। দিল্লিতে এখন সিএনজির দাম বেড়ে ৮১ টাকা ৯ পয়সা হয়েছে প্রতি কেজিতে। নয়ডা ও গাজিয়াবাদে সিএনজির দাম ৮৯ টাকা ৭০ পয়সা। সবথেকে বেশি দাম আজমেরে। সেখানে প্রতি কেজি সিএনজির দাম ৯০ টাকা ৪৪ পয়সা।
এর আগে গত ১৫ মে সিএনজির দাম বেড়েছিল ২ টাকা। এরপরে ১৮ মে ফের ১ টাকা বৃদ্ধি হয় দাম। এই নিয়ে এক মাসের মধ্যে পরপর তিনবার দাম বাড়ল সিএনজির।
সিএনজির দাম বৃদ্ধির প্রভাব-
সিএনজির দাম বাড়ায় পরিবহন ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে আরও। বিশেষ করে অটোগুলি বর্তমানে সিএনজি-তেই চলে। লাগাতার মূল্যবৃদ্ধির কারণে এবার অটোর ভাড়াও বৃদ্ধি পাবে। আবার অনেক রাজ্যে বাসও সিএনজি-তে চলে। পকেটে চাপ বাড়বে মধ্যবিত্তেরই। ট্যাক্সি ভাড়াও অনেকটা বাড়বে সিএনজির দাম বাড়ার কারণে।
অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানিয়েছে, ইরান-আমেরিকার যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি ও তেল সরবরাহে ঘাটতি তৈরি হচ্ছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) জানিয়েছে, তাদের দৈনিক ১৬০০ কোটি টাকা করে ক্ষতি হচ্ছে।