Ayushman Bharat in West Bengal: জুলাই থেকে মিলবে আয়ুষ্মান কার্ড, যাঁদের ‘স্বাস্থ্য সাথী’ আছে, তাঁদের কী হবে | Will you get Ayushman Card if you have Swasthya Sathi card
কলকাতা: রাজ্যে পালাবদলের পর আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) স্কিম চালু হওয়া সময়ের অপেক্ষা। স্কিম যে দ্রুত চালু হবে, তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। শনিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকেই আয়ুষ্মান কার্ড দেওয়া হবে বাংলায়।
আয়ুষ্মান কার্ডের সুবিধা কারা পাবেন?
৬ কোটির বেশি মানুষ, যাঁরা স্বাস্থ্যসাথীতে যুক্ত আছেন, তাঁদের সবাইকেই আয়ুষ্মান ভারতে যুক্ত করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, এমন কেউ যদি আয়ুষ্মান ভারত স্কিমে যুক্ত হতে চান, তাঁদের জন্যও সুযোগ থাকছে বলে জানান শুভেন্দু।
পশ্চিমবঙ্গের যে সব বাসিন্দা কর্মসূত্রে অন্য রাজ্যে আছেন, তেমন এক কোটি মানুষও এই স্কিমের সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে বাংলার জন্য ৯৭৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
আর কী কী ঘোষণা করা হল স্বাস্থ্য ক্ষেত্রে
শুভেন্দু জানান, ২১০৩ কোটি টাকা ‘ভারত সরকার ন্যাশনাল হেলথ মিশন’-এ এই অর্থবর্ষ অনুমোদন মিলেছে। তার মধ্যে ৫০০ কোটি টাকা আজই মিলেছে।
পশ্চিমবঙ্গের চারটি জেলায় মেডিক্যাল কলেজ নেই। চার জেলার জন্য প্রস্তাবিত জমি ভারত সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিষেধক ৭ লক্ষের বেশি দেওয়া হবে পশ্চিমবঙ্গে। ১৪-১৫ বছরের কিশোরীদের দেওয়া হবে। আগামী ৩০ মে রাজ্যে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।
কলকাতায় টিবি মুক্ত ভারতের ওয়ার্কশপ হবে।
৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার সেন্টার তৈরি করা হবে। সেই সঙ্গে অমৃত প্রকল্পে ৫০ থেকে ১০০ শতাংশ ছাড়ে দুরারোগ্য ব্যধির ওষুধ বিতরণ করা হবে।