ফল খারাপে বিশেষ ক্লাস, শিক্ষক প্রশিক্ষণ! সংসদের পরামর্শে প্রশ্ন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্কুলভিত্তিক ফল বিজ্ঞানসম্মত ভাবে পর্যালোচনা করতে এ বারই প্রথম ‘বক্স প্লট’ নামে বিশেষ পদ্ধতি ব্যবহার করেছে সংসদ। কী ভাবে সেই তথ্য পর্যালোচনা করা যাবে, তাও বিশদে জানিয়েছে। রেজাল্ট বিশ্লেষণের পরে ১৫ জুনের মধ্যে আঞ্চলিক অফিসের মাধ্যমে সংসদে রিপোর্ট জমা দিতে হবে। পড়ুয়ারা কোন বিষয়ে ভালো বা খারাপ মার্কস পেয়েছে এবং কেন পেয়েছে— তা জানাতে হবে। সূত্রের খবর, বক্স প্লটে চারটি ভাগ রয়েছে। কতজন পড়ুয়া ২৫ শতাংশের নীচে মার্কস পেয়েছে, তা যেমন জানা যাবে, তেমনই ৫০ শতাংশ এবং ৭৫ শতাংশ বা তার নীচে মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যাও জানা যাবে। আবার যারা ৯০ শতাংশের উপরে মার্কস পেয়েছে, সেটারও উল্লেখ থাকবে। প্রতিটি পর্যায়ের জন্যে কী কী পদক্ষেপ করা যাবে, তার উল্লেখও করা হয়েছে বিজ্ঞপ্তিতে। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার দিনই এই পদ্ধতির কথা জানিয়েছিলেন সংসদ সভাপতি পার্থ কর্মকার। সংসদের ওয়েবসাইটে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে খারাপ ফলের কারণও জানাতে বলা হয়েছে স্কুলগুলিকে। অর্থাৎ, স্কুলে শিক্ষক নেই নাকি পড়ুয়ারা আসতে চাইছে না অথবা এলেও তারা পড়াশোনায় আগ্রহী নয়—স্কুলের থেকে পাওয়া এমন বিশদ রিপোর্ট স্কুলশিক্ষা দপ্তরের কাছে পাঠাবে সংসদ।