হালিশহরের পর এবার ভাটপাড়া, পুরবোর্ডে মহাধস, ইস্তফা চেয়ারম্যান-সহ ৩০ কাউন্সিলারের - 24 Ghanta Bangla News
Home

হালিশহরের পর এবার ভাটপাড়া, পুরবোর্ডে মহাধস, ইস্তফা চেয়ারম্যান-সহ ৩০ কাউন্সিলারের

Spread the love

Bhatpara Municipality Resignation

বারাকপুর: হালিশহরের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র রাজনৈতিক ভূমিকম্প ভাটপাড়া পুরসভায়। এক লপ্তে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান-সহ ৩০ জন কাউন্সিলার। শুক্রবার দুপুরে বারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তাঁরা। এর ফলে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ল ভাটপাড়া পুরসভা। দিনকয়েক আগেই হালিশহর পুরসভায় একই ধরণের ঘটনা ঘটেছিল। ফলে পর পর দুই পুরবোর্ডে এই নজিরবিহীন ধসে স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে। একই সঙ্গে থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এলাকার পুর-পরিষেবাও। (Bhatpara Municipality Resignation)

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩৫টি আসনের ভাটপাড়া পুরসভার দুই কাউন্সিলারের আগেই মৃত্যু হয়েছে। বাকি ৩৩ জনের মধ্যে এদিন একযোগে ৩০ জন কাউন্সিলার ইস্তফা দেওয়ায় পুরবোর্ড কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। পদত্যাগ করেছেন পুরপ্রধান রেবা রাহাও। আচমকা এই গণ-ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সামনে আর অন্য কোনও পথ খোলা ছিল না। আগের দিনই খবর পাচ্ছিলাম আমাদের ১৯ জন কাউন্সিলার পদত্যাগ করছেন। তখনই স্থির করে নিয়েছিলাম যে পদ থেকে সরে দাঁড়াব।”

এদিকে, বিপুল সংখ্যক কাউন্সিলারের এই আকস্মিক পদত্যাগে ভাটপাড়ার নাগরিক পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই অচলাবস্থা কাটাতে আসরে নেমেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলাকার বিজেপি বিধায়ক অর্জুন সিং এক সাংবাদিক বৈঠক করে আমজনতাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি জানান, রাজনৈতিক টানাপোড়েন চললেও পুরসভার প্রশাসনিক কাজ এবং নাগরিক পরিষেবা সচল রাখতে সরকারি আধিকারিকরা তৎপর থাকবেন। অর্জুনবাবুর কথায়, “এলাকার মানুষের জল, আলো বা সাফাইয়ের মতো জরুরি পরিষেবা যাতে বিন্দুমাত্র ব্যাহত না হয়, তা দেখভাল করার সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক পবন সিং এবং রাজেশ কুমারকে।”

একই সুর শোনা গিয়েছে ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের গলাতেও। তিনি সাফ জানিয়েছেন, কাউন্সিলাররা ইস্তফা দিলেও সরকারি কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করবেন। ফলে পরিষেবা স্তব্ধ হওয়ার কোনও কারণ নেই।

উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই পার্শ্ববর্তী হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলার একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস সেই পদত্যাগী কাউন্সিলারদের নাম প্রকাশ করে দাবি করেছিলেন, পুরবোর্ড পড়ে গেলেও নাগরিক পরিষেবায় তার কোনও আঁচ পড়তে দেওয়া হবে না। ঠিক একই ছকে এবার ভাটপাড়া পুরসভাতেও গণ-ইস্তফার ঘটনা ঘটল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হালিশহর ও ভাটপাড়ার এই জোড়া ধাক্কায় জেলার পুর-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হল। তবে এই গণ-ইস্তফার পর রাজ্য সরকার এই দুই পুরসভায় প্রশাসক বসিয়ে কাজ চালাবে, নাকি নতুন করে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে, তা নিয়ে আপাতত আইনি ও রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *