'রেশনে আর আটা নয়, প্রাণ গেলেও দুর্নীতি রুখব', বলে দিলেন নতুন খাদ্যমন্ত্রী | No More Atta in Ration, Says Bengal Food Minister Ashok Kirtania Amid Anti Corruption Drive - 24 Ghanta Bangla News
Home

‘রেশনে আর আটা নয়, প্রাণ গেলেও দুর্নীতি রুখব’, বলে দিলেন নতুন খাদ্যমন্ত্রী | No More Atta in Ration, Says Bengal Food Minister Ashok Kirtania Amid Anti Corruption Drive

Spread the love

খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াImage Credit: TV9 Bangla

কলকাতা: আগের সরকারে রেশনে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠেছিল। নতুন সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই অশোক কীর্তনিয়া বলেছিলেন, দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙবেন তিনি। আর শুক্রবার সাংবাদিক বৈঠকে তাঁর হুঁশিয়ারি, দুর্নীতিতে যুক্তদের খুঁজে বের করা হবে। একইসঙ্গে বললেন, “আমার প্রাণ গেলেও দুর্নীতি রুখব।” এবার থেকে রেশনে আটার বদলে গম দেওয়া হবে বলেও স্পষ্ট করে দিলেন।

রেশনে গম দেওয়া নিয়ে কী বললেন খাদ্যমন্ত্রী?

এদিন খাদ্যমন্ত্রী বলেন, “রেশনে এখন আর আটা পাওয়া যাবে না। কারণ আটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এবার রেশন দোকান থেকে পাওয়া যাবে গম। একমাস আমাকে সময় দিন। কারণ আটায় যে দুর্নীতি হয়েছে, তা খুঁজে বার করতে হবে। আটার পরিবর্তে গম পাওয়া যাবে রেশন দোকান থেকে। কেন্দ্রীয় সরকার যে গম পাঠাবে, সেটাই পাবেন মানুষ। রেশনে যে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়া হয়, তার গুণগত মানের উন্নতি করা হবে।”

দুর্নীতি নিয়ে কড়া বার্তা-

পূর্বতন তৃণমূল সরকারের আমলে রেশনে দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছিল বিজেপি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারও হয়েছিল। রেশনে দুর্নীতি নিয়ে এদিন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “আমার প্রাণ চলে গেলেও আমি দুর্নীতি রুখব।” প্রাণনাশের কোনও আশঙ্কা করছেন কি না, সেই প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, “আমি তো দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি। তাই এ কথা বললাম।” এরপরই তিনি বলেন, “খাদ্যের সঙ্গে কোনও দুর্নীতি নয়। মুখ্যমন্ত্রী আমাকে ডেকে বলে দিয়েছেন। আমি দুর্নীতি রুখবই।” সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, “দুর্নীতির খবর থাকলে আমাকে জানান। আমার পার্সোনাল মোবাইল নম্বরে মেসেজ করুন।”

রেশন ডিলারদের বার্তা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, রেশনে দুর্নীতি করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যখন খুশি তিনি গোডাউন পরিদর্শনে যাবেন বলে জানিয়ে দিলেন। নতুন সরকার দুয়ারে রেশন ব্যবস্থা চালু রাখবে কি না, তা নিয়ে তিনি বলেন, এটা আদালতে বিচারাধীন। তাই এই নিয়ে এখনই কোনও মন্তব্য করবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *