মোদীকে ঝালমুড়ি বিক্রি করা সেই বিক্রমকে হুমকির অভিযোগ, মেসেজ এল: ‘বোমা মেরে উড়িয়ে দেব’
বাংলায় ভোটের প্রচারে এসে তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, অজ্ঞাত একটি নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি-বার্তা পাঠানো হয়েছে। ফোন এবং ভিডিয়ো কল করেও তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিক্রম ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার প্রেক্ষিতে ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘ঝালমুড়ি বিক্রেতাকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। উনি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’