শবদেহের সামনে মীরা রূপে মিমি! কোথায় দেখা যাবে নায়িকাকে? | Mimi Chakraborty’s look for the web series Queens has been revealed
মিমি চক্রবর্তী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কুইনস’-এর লুক সামনে এলো। নির্ঝর মিত্রের পরিচালনায় এর আগে মিমি কাজ করেছিলেন ‘ডাইনি’ ওয়েব সিরিজে। এবার মিমির পাশাপাশি ওয়েব সিরিজে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা। মিমি বললেন, ”মীরা আমার অভিনীত সবচেয়ে আবেগতাড়িত চরিত্র। সে শোকাহত আবার একই সঙ্গে যে কোনও মূল্যে বেঁচে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এই গল্পে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে চার নারীর শক্তি এবং এমন এক পৃথিবীতে নিজেদের ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই, যা তাদের ভেঙে দেওয়ার জন্যই তৈরি। একজন অভিনেত্রী হিসেবে এই যাত্রাকে ভীষণ চ্যালেঞ্জিং ও একই সঙ্গে অত্যন্ত তৃপ্তিদায়ক মনে হয়েছে।”
পরিচালক নির্ঝর ধরিয়ে দিলেন গল্পের স্বাদ। তাঁর কথায়, “এটা মূলত সেসব নারীদের গল্প, যাদের এমন এক ব্যবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়, যা তাদের কণ্ঠ রোধ করে দেয়। যখন তারা সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়, তখন কী ঘটে, সেটাই দেখার। এখানে উত্তরবঙ্গ শুধু একটা পটভূমি নয়, বরং এটা সেই রাজনীতি এবং ক্ষমতার কাঠামোর প্রতিফলন, যা প্রতিনিয়ত এই জীবনগুলোকে প্রভাবিত করে।” নির্ঝর আর মিমি দু’ জনেরই শিকড় উত্তরবঙ্গে। এর আগে নির্ঝরের বিভিন্ন ওয়েব সিরিজে, উত্তরবঙ্গের গল্প ছিল। সেই হিসাবে দু’ জনেই আবার শিকড়ে ফিরলেন, নতুন গল্প বলার জন্য।
‘হইচই’ প্ল্যাটফর্মে ১২ জুন আসবে এই ওয়েব সিরিজ। মিমিকে তারপর একটা হিন্দি প্রজেক্টে দেখা যাবে সইফ আলি খানের সঙ্গে। দু’ টো কাজ দেখার জন্যই অপেক্ষা করছেন নায়িকার অনুরাগীরা।