How many times to shower in summer: তীব্র গরমে বারবার স্নান করছেন! ত্বকের ক্ষতি করছেন না তো? | How Many Times Should You Shower in Summer to Avoid Skin Damage?
তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এই রোদে গা পুড়ে যাওয়ার জোগাড়। অফিস থেকে ফিরেই হোক কিংবা সকালের অলসতা কাটাতে, গরমের দিনে বারবার স্নান (Shower in Summer) করা অনেকেরই জন্মগত অভ্যেস। কিন্তু আপনি কি জানেন, শরীর ঠান্ডা রাখতে গিয়ে বারবার সাবান-জল ঢাললে আপনার ত্বকের বারোটা বাজতে পারে? অতিরিক্ত জল আর কেমিক্যালের ব্যবহারে ত্বকের নিজস্ব পিএইচ (pH) ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। ‘এভিডেন্স-বেসড কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন’ নামক গবেষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, গরমে বারবার স্নান করলে ত্বকের প্রাকৃতিক তৈলাক্ত ভাব কমে যায়, ফলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায়।
তাহলে উপায়? এই বিষয়ে এক সাক্ষাৎকারে দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর দীপালি ভরদ্বাজ এক দারুণ সমাধান দিয়েছেন। তিনি জানিয়েছেন, গরমের তীব্রতা ও আপনার রোজকার জীবনযাত্রার ওপর নির্ভর করে স্নানের সংখ্যা ঠিক করা উচিত। যারা মূলত সারাদিন বাড়ির ভেতরে বা এসিতে থাকেন, তাদের জন্য দিনে একবার স্নান করাই যথেষ্ট। তবে যারা রোদে যাতায়াত করেন, নিয়মিত ওয়ার্কআউট করেন বা যাদের অতিরিক্ত ঘাম ও শরীরের দুর্গন্ধের সমস্যা রয়েছে, তারা দিনে দু’বার স্নান করতে পারেন। এর চেয়ে বেশি স্নান করলেই বিপদ!
অতিরিক্ত স্নানের ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া, সাদাটে দাগ পড়া, চুলকানি বা ত্বক টানটান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। আসলে বেশি জল ব্যবহারে ত্বকের উপকারি মাইক্রোবায়োম নষ্ট হয়ে যায়। তাই গরমে সুস্থ থাকতে সকালের স্নান আপনাকে তরতাজা রাখবে এবং রাতের স্নান সারাদিনের ধুলোবালি ও ব্যাকটেরিয়া দূর করে ত্বকের ইনফেকশন কমাবে। স্নানের ক্ষেত্রে সবসময় হালকা ঠান্ডা বা ইষদুষ্ণ জল ব্যবহার করা উচিত। পুরো শরীরে অতিরিক্ত সাবান না ঘষে শুধু ঘাম জমায় এমন জায়গায় মৃদু ক্লিনজার ব্যবহার করুন। স্নান শেষেই হালকা ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না, আর অবশ্যই সুতির আরামদায়ক পোশাক পরুন। নিয়ম মেনে চললে গরমও পালাবে, আর ত্বকও ভালো।