Pak Spy Arrest-Kolkata: কলকাতা থেকে গ্রেফতার পাক-চর জাফর রিয়াজ, পাকিস্তানে রয়েছে স্ত্রী-সন্তান | NIA arrests a Pak Spy named Zafar Riaz from Kolkata for spying to Pakistan - 24 Ghanta Bangla News
Home

Pak Spy Arrest-Kolkata: কলকাতা থেকে গ্রেফতার পাক-চর জাফর রিয়াজ, পাকিস্তানে রয়েছে স্ত্রী-সন্তান | NIA arrests a Pak Spy named Zafar Riaz from Kolkata for spying to Pakistan

Spread the love

কলকাতা: পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হাতে ভারতের গোপন তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছিলেন জাফর রিয়াজ। এমন অভিযোগেই বুধবার কলকাতা থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ।

পাকিস্তানের চরবৃত্তির একটা চক্রের খোঁজ করতে করতে কলকাতায় পৌঁছে যায় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। এনআইএ সূত্রের খবর, পাকিস্তানি নাগরিকত্বের টোপ দিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল জাফরকে। আর সেই ফাঁদেই পা দিয়ে দিয়েছিলেন এই ভারতীয় নাগরিক।

ওই ব্যক্তি একজন পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছেন, পাকিস্তানে রয়েছে তাঁদের সন্তানও। ২০০৫ সাল থেকে কলকাতা থেকে একাধিকবার পাকিস্তানে গিয়েছেন তিনি। এনআইএ আধিকারিকরা জানতে পেরেছেন, সেখানেই জাফর এক পাক গোয়েন্দার খপ্পরে পড়ে যান। এরপর নিজের নামে ভারতীয় সিম তুলে পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারকে ভারতীয় নম্বরের ওটিপি দেন, যাতে ওই পাক গোয়েন্দা ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করতে পারে।

আরও জানা গিয়েছে যে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোতিরাম নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হত। তিনিও এই চক্রের সঙ্গে জড়িত। এনআইএ তদন্ত জারি রেখেছে। একে একে খুঁজে বের করা হচ্ছে, কারা এই চরবৃত্তির সঙ্গে জড়িত ছিল।

উল্লেখ্য, ২০২৫ সালে এক CRPF জওয়ান গ্রেফতার হয়। পাক ইন্টেলিজেন্স অফিসারকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তদন্তভার এনআইএ (NIA) নেওয়ায় পর অসম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ আট রাজ্যে তল্লাশি চালায়। কলকাতা, শিলিগুড়িতে তল্লাশি হয়েছিল। তারপরই এই গ্রেফতারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *