ইন্টার কাশীকে হালকা নিচ্ছেন না অস্কার, ট্রফির সামনে ইস্টবেঙ্গল
কিশোর ভারতীতে শেষ ম্যাচে জয় পেলেই ইতিহাসের হাতছানি ইস্টবেঙ্গলের। ইন্টার কাশীর চ্যালেঞ্জ নিয়ে সতর্ক কোচ অস্কার ব্রুজো।
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ হয়তো নিদ্রাহীন রাত্রি হতে চলেছে বহু ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। বর্তমানে কিশোর ভারতী স্টেডিয়ামের দিকে মন পড়ে রয়েছে আপামর লাল-হলুদ জনতার। বাইশ বছর, সময়টা একেবারেই অল্প নয়। মাঝে বেশ কয়েকবার দেশের শীর্ষ স্তরের ফুটবল লিগ জেতার সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। যা রীতিমতো হতাশ করেছে সকল সমর্থকদের। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে এবার। আগামীকাল সন্ধ্যায় কিশোর ভারতীর বুকে আইএসএলের শেষ ম্যাচ খেলতে নামবে কলকাতা ময়দানের এই প্রধান।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। সমীকরণ অনুযায়ী আগামীকাল এই ম্যাচ থেকে কয়েক গোলের ব্যবধানে তিন পয়েন্ট নিশ্চিত করতে পারলেই লেসলি ক্লডিয়াস সরণীতে প্রথমবারের মতো চলে আসবে বর্তমানে দেশের সর্বোচ্চ লিগ ট্রফি ইন্ডিয়ান সুপার লিগ। যেদিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা। তবে প্রতিপক্ষ দল যে সহজে মাঠ ছাড়বে না সেটা ভালো মতোই আন্দাজ করতে পেরেছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। মাঠে নামার আগে বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ইউসেফ ইজ্জেজারি।
ম্যাচের আগের এই বৈঠক থেকে কোচ বলেন, ‘ ইন্টার কাশী ফুটবল দলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সপ্তাহ খানেক আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা কীভাবে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দিয়েছিল আমরা সেটার সাক্ষী থেকেছি। এমনকি সেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার ও সুযোগ এসে গিয়েছিল তাঁদের কাছে। কাজেই আমাদের কে আমাদের কাজ করতে হবে। এখন আমাদের সমস্ত কিছু ম্যাচের নব্বই মিনিটে। ম্যাচের মধ্যেই সকলকে মনোনিবেশ করতে হবে।’
আরও বলেন, ‘ আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করতে পারি। বা সকলের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে আগামীতে হয়তো ভালো কোনও পরিকল্পনা নেবে ম্যানেজমেন্ট।’ তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ও চাপমুক্ত থাকার আভাস মিলেছে তাঁর তরফে।