Diamond Harbour FC: মাত্র ৪ বছরে সাফল্যের চূড়ায়, অভিষেক বন্দোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসির মার্কেট ভ্যালু জানেন? | Abhishek Banerjee’s Club Makes History in Just 4 Years
Abhishek Banerjee’s Club Makes History in Just 4 Years.Image Credit: Facebook/@DHFC
কলকাতা : সদ্যই এসেছে সুখবর। আই লিগ থেকে আইএসএল-এর দিকে এগিয়ে গিয়েছে ক্লাব। এই ঘটনায় স্বভাবতই খুশি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। বিধানসভা ভোটে তাঁর দলের ভরাডুবি হয়েছে, সে নাহয় রাজনৈতিক দিক, রাজনীতির বিষয়। কিন্তু, ফুটবলে যেভাবে ক্রমাগত তাঁর দল ডায়মন্ড হারবার সাফল্য পেয়েই চলেছে, তা রীতিমতো ঈর্ষণীয়। দিনকয়েক আগেই আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রবেশাধিকার পেয়েছিল ডায়মন্ড হারবার এফসি।
২০২০ সালে দলটির পত্তন হলেও ২০২২ সালে প্রথম আত্মপ্রকাশ হয় ডায়মন্ড হারবার এফসির। সেই বছর কলকাতা ফুটবল লিগে প্রথমবার নেমেছিল এই দল। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক বন্দোপাধ্যায় এমপি কাপ চালু করার পরেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে ফুটবলের প্রতি ভালবাসা বাড়াতে ও বাংলার ফুটবলের উন্নতিস্বার্থে গঠিত হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। এই দলের সাফল্যের আর একটি প্রধান কারণ দলের খেলোয়াড়রা। লাল-হলুদের প্রাক্তন তারকা জবি জাস্টিন, লুকা মাজসেন, হোলিচরণ নার্জারির মতো ফুটবলাররা দলের স্তম্ভ। তাঁদের পাশাপাশি দলে রয়েছেন আন্তোনিও মোয়ানো, হুগো ডিয়াজের মতো বিদেশী ফুটবলাররা। এই হুগোর শেষমুহূর্তের গোলেই আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে ভিকুনার ছেলেরা। স্থাপনের শুরু থেকেই ধাপে ধাপে উঠে এল ডায়মন্ড হারবার। প্রথম থেকেই এই দলের কোচ কিবু ভিকুনা। এই নিয়ে দু’খানা আই লিগ পেলেন তিনি। অতীতে মোহনবাগানের হয়েও আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন কিবু, এবার ডায়মন্ড হারবারের সাফল্য কিবুর মুকুটে জুড়ল আরও একটি পালক।
অতীতে নাম ছিল আই লিগ, এখন নাম হয়েছে ইন্ডিয়ান ফুটবল লিগ। এই প্রতিযোগিতার প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। ডেম্পোর বিরুদ্ধে ১-১ ড্র করেই আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে কিবা ভিকুনার ছেলেরা। কিন্তু দলের এই সাফল্যের পিছনে মূল রহস্য কি? ‘ট্রান্সফার মার্কেট ডট কো ডট ইনের‘ ওয়েবসাইট ঘাঁটলে দেখা যাচ্ছে, দলের মার্কেট ভ্যালু মাত্র ১৩.৪৪ কোটি টাকা। যেখানে মোহনবাগানের ভ্যালু প্রায় ৫১ কোটি টাকা, ইস্টবেঙ্গলের ভ্যালু প্রায় ৩৬ কোটি টাকা। সেখানেই এত কম টাকা মার্কেট ভ্যালু নিয়েও সফল ডায়মন্ড হারবারের এই দলটি।
২০২৪-২৫ সিজনে আই লিগের তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলার সুযোগ পেয়েছিলেন লুকা-রা। তারপর দ্বিতীয় থেকে প্রথম ও সেখান থেকে আইএসএল। ২০২৫ সালে ডুরান্ড কাপের রানার্স হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। মাত্র ৪ বছরের মধ্যেই এই সাফল্যে খুশি দলের সমর্থকরা। কলকাতা থেকে এই মুহূর্তে আইএসএল খেলত কলকাতার তিন প্রধান। এবার মহমেডানের অবনমন ঘটেছে, বদলে কলকাতা থেকেই খেলার সুযোগ পেয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের দল। এবং আইএসএলে প্রতিযোগিতা যে আরও কঠিন, জানেন কিবুরা কারন একবার পা হড়কালেই যে অবনমনের খাঁড়ার ঘা পড়বে দলের মাথায়।