Nisith Pramanik: 'বিদ্ঘুটে, কোনও অর্থ নেই', সরিয়ে দেওয়া হবে যুবভারতীর ‘বিশ্ববাংলা’ মূর্তি, জানিয়ে দিলেন নিশীথ | Sports Minister Nisith Pramanik says BJP Government to Remove Statue Outside Yuva Bharati Stadium - 24 Ghanta Bangla News
Home

Nisith Pramanik: ‘বিদ্ঘুটে, কোনও অর্থ নেই’, সরিয়ে দেওয়া হবে যুবভারতীর ‘বিশ্ববাংলা’ মূর্তি, জানিয়ে দিলেন নিশীথ | Sports Minister Nisith Pramanik says BJP Government to Remove Statue Outside Yuva Bharati Stadium

Spread the love

কলকাতা : যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati Stadium)। ভিভিআইপি গেট। তার ঠিক পাশেই বড় মূর্তি। যার পা থেকে কোমর রয়েছে। আর তার ওপর বিশ্ববাংলার লোগো। তৃণমূল সরকারের ামলে তৈরি হয়েছিল মূর্তিটি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই মূর্তির ডিজাইন করেছিলেন। এবার সেই মূর্তিই সরিয়ে দেওয়া হচ্ছে। সেরকমই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) জানিয়েছেন, এই মূর্তির কোনও অর্থ নেই। খুব একটা শোভনীয় নয়। তাই এই মূর্তি সরিয়ে দেওয়া হবে।

ডার্বি ম্যাচ দেখতে যুবভারতীতে নিশীথ

গতকাল অর্থাৎ রবিবার যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচ ছিল। মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। সেই ডার্বি ম্যাচ দেখতে যুবভারতীতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখান থেকে বেরিয়ে ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, হাড্ডাহাড্ডি লড়াই করেছে। দুই দলই একে অপরের থেকে কম কিছু নয়। মাঠে বসে খেলা দেখবার অভিজ্ঞতা দারুণ। দর্শকদের উন্মাদনাও দেখার মতো। যদিও কোনও গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে যত ম্যাচ হবে, সব ম্যাচেই স্টেডিয়ামে থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। শুধু ফুটবল নয়, ক্রিকেট ম্যাচও দেখবেন।

স্টেডিয়াম আধুনিকীকরণ 

এরপরই স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, যুবভারতীর পরিকাঠামো আধুনিকীকরণ করার কথা ভাবা হয়েছে। এছাড়া, ফুড কোর্ট তৈরি করা হবে। খাবারের গুণগত মান যাচাই করেই ফুড কোর্টে সব খাবার রাখা হবে। এর জন্য ফুড টেস্টিং অফিসাররা আসবেন। খাবারের গুণগত মান যাচাই করেই তা দর্শকদের দেওয়া হবে।

মেসিকাণ্ড নিয়ে নিশীথ

নিশীথের বক্তব্যে উঠে আসে মেসিকাণ্ডের কথাও। তাঁর প্রতিশ্রুতি, যাঁরা এই ক্রীড়াঙ্গনে এসে চোখের জল ফেলেছে, কষ্টের পয়সা যাঁদের নষ্ট হয়েছে, যাঁদের অসম্মানিত হতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান ফিরিয়ে দেবেন। মেসি ফাইল নিয়ে ফের তদন্ত শুরু হয়েছে। এজেন্সিকে জানিয়ে দেওয়া হয়েছে, দর্শকদের সব টাকা ফেরত দিতে হবে। তার জন্য প্রয়োজনে ক্রীড়ামন্ত্রক সাহায্য করবে।

যুবভারতীর বাইরে মূর্তি প্রসঙ্গে নিশীথ

এরপরই যুবভারতীর বাইরে মূর্তি নিয়ে বলেন,”এরকম বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল । আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই বিগত সরকারের খারাপ দিন আসা শুরু হয়েছে। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল। এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, কোনও মানে নেই সেটা আমরা রাখব না, আমরা পরিবর্তন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *