Bengal Schemes Decision: বড় ঘোষণা! নতুন সরকারের আমলে সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই ভাতাগুলি! | Bengal Cabinet Decides to Discontinue Several Welfare Schemes from June, Says Agnimitra Paul
অগ্নিমিত্রা পাল, পুর ও নগরোন্নয়ন মন্ত্রীImage Credit: TV9 Bangla
কলকাতা: নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন, বেশ কিছু প্রকল্প জুন মাস থেকে বন্ধ করা হচ্ছে। মূলত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ করা হচ্ছে।
অগ্নিমিত্রা ঘোষণা করেন, ” তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ ধর্মীয় শ্রেণি বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ করা হচ্ছে। এই মাস চলবে। পরের মাস থেকে বন্ধ।” অর্থাৎ রাজ্যে ধর্মীয় শ্রেণিভিত্তিক সাহায্য বন্ধ করল মন্ত্রিসভা। মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিভিত্তিক বরাদ্দ বন্ধ করা হয়েছে।
দ্বিতীয়ত, মন্ত্রীর কথায়, “২০১১ WBOP60 ও সংযুক্ত মামলা সমূহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ২২.৫ ২০২৪ তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি, সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি উপ-শ্রেণিবিভাগ বাতিল করা হল।” নতুন করে স্ক্রুটিনি হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থাৎ তথ্য ও সংস্কৃতি দফতর, মাদ্রাসা বিষয়ক দফতর, সংখ্যালঘু বিষয়ক দফতরের মধ্যে ধর্মীয় শ্রেণিবিন্যাসের যে সমস্ত প্রকল্প রয়েছে, তা বন্ধ করা হল। ধর্মের শ্রেণিবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বলে যে যে ভাতা চালু ছিল, তা সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তবে কোন কোন প্রকল্প, সেটা এখনও সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে। তবে মোয়াজ্জেমরা যে ভাতা পেতেন, তা আদৌ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে।