টানা তিন ম্যাচে পরাজিত রাজস্থান, রাজধানীতে জয়ী অক্ষর ব্রিগেড
রাজধানীতে ৫ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল Delhi Capitals । স্টার্কের বোলিং দাপটের পর রাহুল-অভিষেকের ব্যাটে বদলাল ম্যাচের ছবি।
Kolkata, May 18: আইপিএলে এখন চলছে ‘রেস টু প্লে অফ’ উইক। আজ তারই একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। রাজধানীতে আয়োজিত এই ম্যাচটি ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে অক্ষর প্যাটেল বাহিনী। প্লে-অফে যাওয়ার জন্য এখন রাজস্থান আগামী ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে। এর সঙ্গে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি উঠে এল সাত নম্বরে।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে। এখানে সর্বোচ্চ অবদান রাখেন ধ্রুব জুড়েল (৫৩)। এছাড়া দলের হয়ে প্রশংসনীয় ইনিংস খেলেন অধিনায়ক রিয়ান পরাগ (২৬ বলে ৫১), বৈভব সূর্যবংশী (২১ বলে ৪৬)। বাকিদের ইনিংস সম্মানজনক নয়। যশস্বী ১২ রান করেই সাজঘরে ফেরেন। সব মিলিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে আরও চমকপ্রদ ইনিংস আশা করেছিল দর্শকরা।
উল্টোদিকে, প্রথমে একটি পার্টনারশিপ গড়ে দলকে টার্গেটের অনেক কাছে পৌঁছে দেন দুই ওপেনার – অভিষেক পোড়েল এবং কে এল রাহুল। লোকেশ রাহুলের ৪২ বলে ৫৬ রানের ইনিংস আজ দলের সর্বোচ্চ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অভিষেক – ৩১ বলে ৫১। এছাড়া অধিনায়ক অক্ষর ১৮ বলে ৩৬ রানের একটি স্থিতিশীল ইনিংস খেলেন। এছাড়া রান যোগ করেন আশুতোষ শর্মা (১৮), ডেভিড মিলার (৯), সাহিল পরাখ (৯) এবং ট্রিস্টান স্টাবস (৪)।
আজ বোলিংয়েও শক্তিশালী রাজস্থনকে ছাপিয়ে গেছে দিল্লি। প্রতিপক্ষের মোট ৮টি উইকেট নিয়েছে দিল্লির বোলাররা। একাহাতে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এছাড়া ২টি করে উইকেট ঝুলিতে ভরেছেন লুঙ্গি এনগিডি এবং মুকেশ কুমার। অন্যদিকে দিল্লির তুলনায় উইকেটও কম নিয়েছে রাজস্থানের বোলাররা। ২টি করে আউট করেন ব্রীজেশ শর্মা ও জোফ্রা আর্চার। এছাড়া মাত্র ১টি উইকেট তোলেন দাসুন শানাকা। বাকিরা ব্যর্থ।