পায়ের যত্ন নিতে কী ভাবে ঘরেই করবেন ঘরোয়া পেডিকিউর?

মুখের ও ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি পায়ের যত্ন নেওয়াও সৌন্দর্যের একটি অংশ। তবে এটি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং আরাম, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে বসেই সহজ কিছু ধাপ অনুসরণ করে আপনি আপনার পার্লারের মতো পেডিকিউর করতে পারেন। এতে পা নরম, পরিষ্কার এবং সুস্থ থাকবে।

একটি পাত্রে হালকা গরম জল নিয়ে তাতে সামান্য শ্যাম্পু, তরল সাবান বা এপ্সোম সল্ট মেশান। ১০–১৫ মিনিট সেই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের ত্বকের মৃত চামড়া নরম হয়, ক্লান্তি দূর হয়।

পা ভালো ভাবে পরিষ্কার করুন। নিয়মিত নরম ব্রাশ বা কাপড় দিয়ে আঙুলের ফাঁক, নখের চারপাশ এবং পায়ের তলা পরিষ্কার করুন। এতে ময়লা, ঘাম ও দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু দূর হয়।

পিউমিস স্টোন বা ফুট স্ক্রাব দিয়ে গোড়ালি ও পায়ের তলা আলতো ভাবে পরিষ্কার করুন । এতে রুক্ষ ত্বক দূর হয় এবং গোড়ালি ফাটা কমে। তবে খুব জোরে ঘষা উচিত নয়, এতে পায়ের ত্বকের ক্ষতি হয়।

পায়ের নখ সঠিক ভাবে কাটুন। পায়ের নখের কোণ বেশি করে কাটলে ইনগ্রোন বা অপরিণত নখের সমস্যা হতে পারে। নখ খুব ছোট করে কাটবেন না। নখ কাটার পরে তা অবশ্যই ভালো ভাবে মসৃণ করুন।

পা ভেজানোর পরে নখের উপরের পাতলা স্তর কিউটিকল নরম হয়ে যায়। তখন নরম তোয়ালে দিয়ে ধীরে ধীরে পা মোছা উচিত। কিউটিকল উঠে গেলে নখে বিভিন্ন সংক্রমণ হতে পারে।

পায়ে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ফুট ক্রিম, বডি লোশন নারকেল তেলও ব্যবহার করতে পারেন। বিশেষ করে গোড়ালি ও শুষ্ক স্থানে ভালোভাবে লাগান।

কয়েক মিনিট ধরে পায়ে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে, ব্যথা ও ক্লান্তি কমে এবং পায়ে অনেক আরাম পাওয়া যায়। কখনও কখনও চাইলে বেস কোট, নেল কালার এবং টপ কোট ব্যবহার করতে পারেন। এতে নখ সুন্দর ও পরিচ্ছন্ন দেখায়।

যাঁরা মোজা ব্যবহার করেন তাঁরা সুতির মোজা এবং সঠিক মাপের আরামদায়ক জুতো ব্যবহার করুন। এতে ঘাম, ফোস্কা পড়া এবং দুর্গন্ধ কম হয়। খোলা জুতো পড়লে অবশ্যই পায়ের উপরের অংশে সানস্ক্রিন ব্যবহার করুন।

তবে যদি আপনার পায়ে দীর্ঘদিন ব্যথা, গভীর ফাটা, রং পরিবর্তন, ফোলাভাব বা ফাঙ্গাল সংক্রমণের লক্ষণ দেখা যায়, তা হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ডায়াবেটিস থাকলে পায়ের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।