আইএসএল ট্রফি এ বার ইস্টবেঙ্গলেরই’, ডার্বির আগে আত্মবিশ্বাসী দেবব্রত সরকার
মোহনবাগানের বিরুদ্ধে ডার্বির আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তাঁর দাবি, ট্রফি এলে তা ক্লাবেই থাকবে।
কলকাতা: আইএসএলের মহারণ ঘিরে উন্মাদনায় ফুটছে কলকাতা। আজ যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডার্বির আগে সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা তুঙ্গে, তেমনই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এ বার ট্রফি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। শুধু তাই নয়, ট্রফি ঘরে এলে তা ইস্টবেঙ্গল ক্লাবেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
দেবব্রত সরকারের কথায়, “আমি আত্মবিশ্বাসী আজ ইস্টবেঙ্গল জিতবেই এবং প্রথমবার আইএসএল ট্রফি আমাদের ঘরে আনবে। সমর্থকদের নিশ্চিন্ত থাকতে বলব। ট্রফি এলে সেটা ক্লাবেই থাকবে, অন্য কোনও অফিসে চলে যাবে না।” তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই লাল-হলুদ সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে। কারণ অতীতে ট্রফি সংরক্ষণ নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গই পরোক্ষে তুলে এনে দেবব্রত সরকারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ফুটবলমহল। ডার্বির কৌশলগত দিক নিয়েও নিজের মতামত দিয়েছেন তিনি। বিশেষ করে মোহনবাগানের কোচ মিগুয়েল মেগালের পরিকল্পনা নিয়ে সতর্ক থেকেও আত্মবিশ্বাস হারাননি ইস্টবেঙ্গল কর্তা।
তাঁর মতে, “আমাদের কেম মেকআপকে যদি আটকানোর চেষ্টা করা হয়, তাহলে কিছুটা সমস্যা হতে পারে। তবে ফুটবল তো ১১ জনের খেলা। একজনকে আটকালে পুরো দল থেমে যায় না।” একই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে মোহনবাগানের স্ট্রাইকারদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ফলে সেই দিক থেকে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়েই মাঠে নামছে বলে মত তাঁর। দেবব্রত সরকারের ভাষায়, “মোহনবাগানের স্ট্রাইকারদের শেষ তিন-চার ম্যাচের পারফরম্যান্স দেখলেই বোঝা যায়, সরাসরি অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের।”
তবে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও এ দিনের ডার্বিকে ঘিরে উত্তেজনা নজরকাড়া। টিকিট বিক্রির চিত্রই তা স্পষ্ট করে দিচ্ছে। দেবব্রত সরকার জানান, বহু বছর পর এমন ডার্বি উন্মাদনা দেখা যাচ্ছে। তাঁর কথায়, “এ বারের মতো ডার্বিতে এত টিকিটের চাহিদা আমি খুব কমই দেখেছি। ৬২ হাজার ৫০০ টিকিট চোখের নিমেষে বিক্রি হয়ে গিয়েছে।” যদিও আরও প্রায় দু’হাজার টিকিট ছাড়ার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় তা সম্ভব হয়নি। এই নিয়ে আক্ষেপও শোনা যায় তাঁর গলায়।
একই সঙ্গে তিনি বলেন, টিকিটের জন্য এত অনুরোধ আসছে যে সবাইকে খুশি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সবশেষে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন দেবব্রত সরকার। তিনি জানান, শুধু কর্তা হিসেবেই নয়, একজন সাধারণ সমর্থক হিসেবেও তিনি আজ মাঠে উপস্থিত থাকবেন দলের পাশে দাঁড়াতে। তাঁর কথায়, “আমি নিজে মাঠে গিয়ে খেলা দেখব। অফিশিয়াল দিক থেকেও এবং সমর্থক হিসেবেও আমার পূর্ণ সমর্থন সবসময় লাল-হলুদের পাশেই থাকবে।” আজকের ডার্বি তাই শুধু একটি ম্যাচ নয়, আবেগ, গর্ব এবং ইতিহাসের লড়াই। আর সেই লড়াইয়ের আগে দেবব্রত সরকারের আত্মবিশ্বাসী বার্তা ইস্টবেঙ্গল সমর্থকদের আশা আরও বাড়িয়ে দিল।