IPL 2026 Preview, KKR vs GT: ইডেনে প্রাক্তন নাইটরাই চিন্তা রাহানের, আজ জিতলেই বিদায় নেবে কেকেআর! | KKR vs GT : Crucial Do or Die Match for Rahane’s Men at Eden Gardens
কলকাতা : ১৯ এপ্রিল ২০২৬, শেষবারের মতো ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলেছিল কেকেআর (Kolkata Knight Riders)। তারপর থেকে ঘটে গিয়েছে অনেক কিছুই। কেকেআর যেমন আইপিএলে (IPL 2026) টানা ৪ ম্যাচ জিতেছে, তেমনই পালাবদল ঘটে গিয়েছে রাজ্যের সরকারেরও। বিধানসভা নির্বাচনের কারণে ১৯ এপ্রিলের পর থেকে সব ম্যাচই বিপক্ষের মাঠে খেলেছে নাইটরা, ফলত আজ তাদের এক প্রকার ‘ঘর ওয়াপসি’ হচ্ছে বলা যায়। কিন্তু, এই ম্যাচে কেকেআরের মুখোমুখি শক্তিশালী গুজরাট টাইটান্স (Gujrat Titans), যারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে। আজ নাইটদের হারালেই প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে গিল-সিরাজদের।
গুজরাটের দল কেকেআরের তুলনায় অনেক শক্তিশালী। পেস বোলিংয়ে যেমন রয়েছেন মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণারা, তেমনই স্পিন বিভাগ সামলাচ্ছেন রশিদ খান। গত ম্যাচেই আইপিএলের সবথেকে শক্তিশালী ব্যাটিং বিভাগ হায়দ্রাবাদকে মাত্র ৮৬ রানে গুটিয়ে দিয়েছে গুজরাট। ফর্মে রয়েছেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলও। ইতিমধ্যেই আইপিএলে একটি সেঞ্চুরি করে ফেলেছেন সুদর্শন। মাঝের ওভারে দলকে টানছেন ওয়াশিংটন সুন্দর। ডেথ ওভারে রয়েছেন জেসন হোল্ডার, যিনি ব্যাটের পাশাপাশি বোলিংটাও খুব একটা খারাপ করেন না। গুজরাট দলের গিল, প্রসিদ্ধ, হোল্ডার আবার অতীতে খেলেছেন কেকেআর দলে ফলত প্রাক্তন নাইটরাই মাথাব্যথার কারণ হবেন রাহানের।
কেকেআর দলে চাপ প্রচুর। রান পাচ্ছেন না স্বয়ং অধিনায়ক অজিঙ্ক রাহানে। ফিন অ্যালেন কয়েক ম্যাচ আগেই সেঞ্চুরি করলেও আরসিবি ম্যাচে রান পাননি তিনিও। ধারাবাহিক ভাবে ভাল খেলে চলেছেন অঙ্গকৃষ রঘুবংশী ও রিঙ্কু সিং। কেকেআর দলের আরও একটি চিন্তা তাদের বোলিং। তবে সাংবাদিক সম্মেলনে এসে কার্তিক ত্যাগী মেনে নিলেন যে শুরুতে কয়েকটি উইকেট তুলে নিলেই স্পিনারদের ক্ষেত্রে সুবিধে হবে। কিন্তু সুবিধে কোথায়? গত ম্যাচে বরুণ চক্রবর্তীর না খেলা ভুগিয়েছে নাইটদের। আজকেও বরুণ খেলবেন কি না, বলা অনিশ্চিত। ধরে নেওয়া হচ্ছে, আজ তিনি খেলবেন না। তাহলে একা নারিন ও অনুকূল রায়ের ওপর ভরসা করে মাঠে নামলে আবার বেসামাল হতে পারে নাইট বোলিং।
এই মুহূর্তে ১১ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলের ৮ নম্বরে রয়েছে কেকেআর। আজকের ম্যাচের পর তাদের হাতে রয়েছে দুই ম্যাচ। ২০ মে কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ও ২৪ মে নাইটরা নামবেন দিল্লির বিরুদ্ধে। এই ৩ ম্যাচ কেকেআর জিতলে তাদের পয়েন্ট হবে ১৫। এই মুহূর্তে টেবিলের যা অবস্থা, ১৫ পয়েন্টে প্লে-অফ খেলা সম্ভব নয়। সুতরাং, নাইটদের তাকিয়ে থাকতে হবে প্রথম ৪ দলের পয়েন্ট নষ্টের দিকে। তারা ম্যাচ হারলেই একটা সুযোগ পাবে কেকেআর। নাহলে, এবারেও শেষ চারে খেলার আগেই বিদায় ঘটে যাবে ৩ বারের চ্যাম্পিয়নদের।