Malda scam allegation: ১৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী | Rs 14 Crore Scam Allegation, TMC Panchayat Chief and her Husband Arrested in Malda - 24 Ghanta Bangla News
Home

Malda scam allegation: ১৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী | Rs 14 Crore Scam Allegation, TMC Panchayat Chief and her Husband Arrested in Malda

Spread the love

গ্রেফতার করা হয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকেImage Credit: TV9 Bangla

মালদহ: রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার মালদহে (Malda) প্রায় ১৪ কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠল। গ্রেফতার করা হল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতাকে। প্রিজন ভ্যানের সামনে উঠল চোর চোর স্লোগান। খোঁজ চলছে আরও তিনজন তৃণমূল নেতা কর্মীর।

রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মিনি ব্যাঙ্কে প্রায় ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগেই গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তাঁর স্বামী তৃণমূল নেতা অনিলকুমার মণ্ডল। ঘটনায় অভিযুক্ত বাকি তিন তৃণমূল কর্মী পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

দীর্ঘদিন ওই মিনি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন প্রধানের স্বামী অনিল মণ্ডল। তিনি এলাকার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পরে তাঁর ছেলে অমিত মণ্ডল ম্যানেজারের দায়িত্ব নেন এবং ক্যাশিয়ার ছিলেন অনিল মণ্ডলের ভাইপো প্রণব মণ্ডল। এলাকার প্রায় ৫ হাজার কৃষিজীবী ও সাধারণ মানুষ ওই ব্যাঙ্কে টাকা জমা রাখতেন। অভিযোগ, বছরখানেক আগে আচমকাই ব্যাঙ্কে তালা ঝুলে যায়। তারপর থেকেই ম্যানেজার ও ক্যাশিয়ার গা ঢাকা দেন।

কী বলছেন আমানতকারীরা?

আমানতকারীদের দাবি, কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়কের যোগসাজশের অভিযোগও তুলেছেন একাংশ আমানতকারী। এই ঘটনায় হৃদয় মণ্ডল নামে এক আমানতকারী রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ প্রধান ও তাঁর স্বামীকে গ্রেফতার করে।

শুক্রবার থানার সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ আমানতকারীরা। ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় ‘চোর চোর’ স্লোগানও ওঠে। যদিও ধৃত গ্রাম পঞ্চায়েত প্রধান দাবি করেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন।বিজেপি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *