স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ? মাস ছয়েক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে মৌনী ও সূরজের?
দিনকয়েক ধরেই তাঁরা সংবাদ শিরোনামে। মৌনী রায় ও সূরজ নাম্বিয়া। একে অন্যকে তাঁরা ইনস্টাগ্রামে আনফলোও করেছেন। যা তাঁদের ডিভোর্সের গুঞ্জনকে আরও বেশি উস্কে দিয়েছে। যদিও নানা গুঞ্জনে মৌনী অনুরোধ করেছেন, যাতে তাঁদের গোপনীয়তা রক্ষা করা হয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হচ্ছে, তাঁরা প্রায় ছ’মাস ধরে আলাদা থাকছেন।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-খ্যাত মৌনীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার হওয়ার পর থেকে। যদিও দম্পতি এখনও ডিভোর্সের মামলা দায়ের করেননি। ফলে বিচ্ছেদে আইনি সিলমোহর পড়েনি।
এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দেন সূরজ। সেখান থেকে জল্পনা আরও তুঙ্গে ওঠে। কেউ কেউ আবার দাবি করেছেন, মৌনীর সঙ্গে প্রতারণার পাশাপাশি অভিনেত্রীর টাকাও নয়ছয় করেছেন।
মৌনীকে বিয়ে করার পরে একটা সময়ে সূরজ মনে করতে শুরু করেছিলেন সামাজিক ক্ষেত্রে কোথাও একটা তাঁর প্রতিপত্তি কমে যাচ্ছে। ফলে সেখান থেকেই তাঁদের মধ্যে মনোমালিন্য ও দূরত্ব শুরু হয় বে ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি। তবে তাঁদের মধ্যের এই মনোমালিন্য কি সত্যিই মিটে যাবে? নাকি বিচ্ছেদই একমাত্র পথ। এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে অনুরাগীরা।