Mouni Roy Dinner Date Mumbai: বিচ্ছেদের জল্পনা তুঙ্গে! তার মাঝেই কোন বিশেষ মানুষের সঙ্গে ডেটে গেলেন মৌনী | Mouni roy spotted on a dinner date in mumbai amid divorce rumours with suraj nambiar
এক বিশেষ মানুষের সঙ্গে ডিনার ডেটে গিয়ে নজরে পড়েছেন এই বঙ্গ তনয়া
মৌনী রায় (Mouni Roy) এখন সোশ্যাল মিডিয়ার ‘টক অফ দ্য টাউন’। টিনসেল টাউনের গত কয়েকদিন ধরেই ভাসছে তাঁর ঘর ভাঙার খবর। দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে নাকি অভিনেত্রীর দূরত্ব এখন আকাশছোঁয়া! আর এই বিচ্ছেদের গুঞ্জন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই মুম্বইয়ের রাস্তায় দেখা মিলল মৌনীর। তবে একা নয়, এক বিশেষ মানুষের সঙ্গে ডিনার ডেটে গিয়ে নজরে পড়েছেন এই বঙ্গ তনয়া।
বুধবার রাতের মায়াবী মুম্বইয়ে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন মৌনী। পরনে ছিল একটি বডিকন কালো পোশাক (Short Black Dress), যার নিচের অংশটি ছিল স্বচ্ছ বা ‘শিয়ার’ কাপড়ের। বিচ্ছেদের জল্পনা নিয়ে যখন গোটা নেটপাড়া তোলপাড়, তখন মৌনীর চোখেমুখে ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা। ডিনার সেরে রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় আলোকচিত্রীরা তাঁকে ঘিরে ধরলেও কোনও কথা বলেননি তিনি। বরং বেশ দ্রুত পায়ে হেঁটে নিজের গাড়িতে গিয়ে বসেন।
মৌনীর এই রহস্যময় ডিনারের সঙ্গী ছিলেন তাঁর প্রিয় বন্ধু রূপালী কাদিয়ান। আসলে ওই দিনই ছিল রূপালীর জন্মদিন। বান্ধবীর বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতেই ডিনার ডেটের পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। সকালে সোশাল মিডিয়ায় রূপালীর উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্টও করেন মৌনী। সেখানে রূপালীকে নিজের ‘বোন’ এবং ‘ডাইনি’ বলে মজা করে সম্বোধন করে তিনি লিখেছিলেন, “আমার বোন, রোদ হোক বা ঝড়- তুমি সবসময় আমার পাশে আছো।”
কিন্তু আগুন না ধরলে ধোঁয়া কি আর এমনি ওড়ে? নেটিজেনরা লক্ষ্য করেছেন, মৌনী এবং সূরজ একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, গুঞ্জন বাড়তেই সুরজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি পর্যন্ত ডিলিট করে দিয়েছেন। এই ডিজিটাল দূরত্বই মূলত বিচ্ছেদের জল্পনায় ঘি ঢেলেছে। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ার সমুদ্রসৈকতে মালায়ালি ও বাঙালি রীতিতে ধুমধাম করে বিয়ে করেছিলেন এই জুটি। সেই রূপকথার বিয়ে কি তবে মাত্র চার বছরেই ফিকে হয়ে যাচ্ছে?
অবশ্য মৌনী নিজে এই বিষয়ে চুপ থাকেননি। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে তিনি বিনীতভাবে জানিয়েছেন, “সব সংবাদমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে কোনও ভুল তথ্য ছড়াবেন না। আমাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে একটু গুরুত্ব দিন।” তবে অভিনেত্রীর এই অনুরোধে কি আর সাধারণ মানুষের কৌতূহল কমে? একদিকে স্বামী সুরজের নিরুদ্দেশ হয়ে যাওয়া সোশাল প্রোফাইল, আর অন্যদিকে মৌনীর এই রহস্যময় ডিনার ডেট-সব মিলিয়ে এই মুহূর্তে বিনোদন জগতের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে মৌনী রায়ের দাম্পত্য জীবন।