‘Dhurandhar 2’ OTT Release: ১৪ মে মধ্যরাতেই ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’, রয়েছে বিশেষ চমকও | Ranveer Singh’s ‘Dhurandhar 2’ OTT Release: When and Where to Watch the Uncut Version?
ওটিটির সংস্করণটি বেশ খানিকটা আলাদা হতে চলেছে।Image Credit: tv9 network
গত মার্চ মাসে সিনেমা হলে যখন রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তি পেয়েছিল, তখন থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল- ওটিটি-তে কবে আসবে এই ছবি? দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর এল। তবে শুধু মুক্তিই নয়, এবার দর্শকদের জন্য থাকছে এমন কিছু চমক যা প্রেক্ষাগৃহেও দেখা যায়নি।
বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসার জন্য সম্পূর্ণ তৈরি। খবর পাওয়া গিয়েছে যে, আন্তর্জাতিক দর্শকদের জন্য নেটফ্লিক্স (Netflix) এই ছবির স্ট্রিমিং শুরু করতে চলেছে। ১৪ মে মধ্যরাত থেকেই বিদেশের মাটিতে রণবীরের অ্যাকশন উপভোগ করা যাবে। মজার বিষয় হল, প্রেক্ষাগৃহে যে ছবিটি দেখেছেন, ওটিটির সংস্করণটি তার থেকে বেশ খানিকটা আলাদা হতে চলেছে। ডিজিটাল ভার্সনে ছবির নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (র অ্যান্ড অদেখা)’।
ওটিটি-র এই বিশেষ সংস্করণে বেশ কিছু ‘কাট’ করা দৃশ্য ফিরিয়ে আনা হয়েছে। সূত্রের খবর, সিনেমা হলের ভার্সনের থেকে এটি প্রায় ৩ মিনিট বেশি দীর্ঘ। এর মধ্যে এমন কিছু রোমহর্ষক দৃশ্য এবং আনসেন্সরড সংলাপ রয়েছে যা প্রেক্ষাগৃহে সেন্সরের কাঁচিতে বাদ পড়ে গিয়েছিল। ফলে যারা সিনেমা হলে ছবিটি একবার দেখে ফেলেছেন, তাঁদের জন্যেও এই ‘আনকাট’ সংস্করণটি এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। আদিত্য ধরের পরিচালনা আর মুম্বই হামলার সেই হাড়হিম করা ঘটনার প্রেক্ষাপট— সব মিলিয়ে ঘরোয়া বিনোদনে ছবিটির আমেজই হবে আলাদা।
ভারতের দর্শকদের কি আরও অপেক্ষা করতে হবে?
বিদেশের খবর চাউর হলেও ভারতীয় দর্শকদের জন্য একটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। ভারতে এই ছবির ডিজিটাল স্বত্ব রয়েছে জিয়ো হটস্টার (JioHotstar)-এর কাছে। বিদেশের বাজারে নেটফ্লিক্সের দিনক্ষণ চূড়ান্ত হলেও জিয়ো হটস্টার এখনও পর্যন্ত অফিশিয়ালি ভারতের মুক্তির তারিখ জানায়নি। তবে বিদেশের মুক্তি যেহেতু আজ রাতেই, তাই মনে করা হচ্ছে ভারতের দর্শকদেরও আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। সম্ভবত কয়েক দিনের মধ্যেই মিলবে অফিশিয়াল কনফার্মেশন।
১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ইতিহাস তৈরি করেছে এই ছবি। বিশ্বজুড়ে প্রায় ১,৭৯৫ কোটি টাকার ব্যবসা করে রণবীর প্রমাণ করে দিয়েছেন কেন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা বাজি। কেবল ভারতেই ছবিটি ১,৩৬৮ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তের মতো তারকাদের মেলা এই ছবিতে টানটান উত্তেজনা বজায় রেখেছে শেষ মুহূর্ত পর্যন্ত। এবার ওটিটির পর্দায় এই ম্যাজিক কতটা কাজ করে, সেটাই দেখার।