ধর্মীয় স্থানে বিধি মেনে মাইক বাজানোর নির্দেশ, প্রকাশ্যে পশুহত্যা বন্ধেও কড়া নির্দেশিকা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও ধর্মীয় স্থান থেকেই এমন ভাবে মাইক বাজানো যাবে না, যাতে শব্দসীমা নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশিকা কার্যকর করতে হবে পুলিশকে। ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ের সামনে মাইক বাজিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা যাবে না। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন মুখ্য আইন আধিকারিক তথা পরিবেশকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় এ দিন জানান, মহরম থেকে রামনবমী— বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তারস্বরে মাইক থেকে এবং ডিজের দাপট সবাই দেখেছে। সরকার সব ক্ষেত্রে আইন কার্যকর করতে উদ্যোগী হলে তাকে অবশ্যই স্বাগত।