দীর্ঘদিন ভাড়া মেলেনি, টাওয়ারের মাথায় চড়লেন জমির মালিক - 24 Ghanta Bangla News
Home

দীর্ঘদিন ভাড়া মেলেনি, টাওয়ারের মাথায় চড়লেন জমির মালিক

Spread the love

এই সময়, মেখলিগঞ্জ: দীর্ঘদিন ধরে ভাড়া না পাওয়ায় মোবাইল টাওয়ারের মাথায় উঠে বসে পড়লেন জমির মালিক। বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট এলাকার ঘটনা। পরিবারের লোক থেকে প্রতিবেশী সবাই তাঁকে টাওয়ার থেকে নামাতে হাজারো চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে নিচে নেমে নামেন হরি হাজরা নামে ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রানিরহাট এলাকার ১৪২ নম্বর কামাত চ্যাংরাবান্ধা এলাকার একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ারে উঠে পড়েন হরি। অভিযোগ, তাঁদের জমিতে বসানো মোবাইল টাওয়ারের ভাড়া গত ২১ মাস ধরে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট মোবাইল সংস্থা। টাওয়ার তুলে নিতে একাধিক যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ যুবকের। ভাড়া না মিটিয়ে মোবাইল কোম্পানি টাওয়ার তুলে নিয়ে যেতে চাইছে বলে সন্দেহ হয় হরির। একাধিক বার সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সদুত্তর না পেয়ে এদিন টাওয়ারের উপরে উঠে বিক্ষোভ শুরু করেন যুবক। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছন রানিরহাট ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে বোঝানোর পরে যুবককে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। কিন্তু টাওয়ার থেকে নামানোর পর অসুস্থ পড়েন হরি। তাঁকে চিকিৎসার জন্য চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরির দাদা উদয়ের জমিতে ওই মোবাইল টাওয়ারটি স্থাপন করা হয়েছে। টাওয়ারের ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সংস্থার সঙ্গে হাজরা পরিবারের সদস্যদের টানাপোড়েন চলছিল। তার জেরেই এদিনের ঘটনা। হরির স্ত্রী মাম্পি বলেন, ‘অনেক মাস থেকে ওরা ভাড়া দিচ্ছে না। ভাড়া চাইলেই দিচ্ছি দেব বলে। ও টাওয়ারে ওঠার পর কোম্পানিকে খবর দিলেও ওদের কেউ আসতে চায়নি। স্বামীর কিছু হলে ওরা দায়ী থাকবে।’ সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *