ভোটার তালিকায় বড় ‘অপারেশন’! ফের শুরু হচ্ছে এসআইআর
নয়াদিল্লি: দেশজুড়ে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিটি ভোটারের পরিচয় নিশ্চিত করতে এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার …
নয়াদিল্লি: দেশজুড়ে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিটি ভোটারের পরিচয় নিশ্চিত করতে এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)-এর তৃতীয় দফা শুরু হতে চলেছে। আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া এই বিশেষ শুদ্ধিকরণ প্রক্রিয়া চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। যেসব রাজ্যে ইতিপূর্বেই এসআইআর সম্পন্ন হয়েছে, সেগুলিকে বাদ দিয়ে দেশের বাকি অংশে এই কাজ শুরু করা হচ্ছে। তবে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখের মতো দুর্গম পার্বত্য এলাকাগুলিকে আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে। (Voter List Verification SIR Phase 3 India)
কমিশন সূত্রে খবর, বর্তমানে দেশজুড়ে চলমান জনসুমারি বা জনগণনার কাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআর-এর এই তৃতীয় ধাপটি পরিকল্পনা করা হয়েছে, যাতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কর্মী পাওয়া যায়। এই মেগা ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রায় ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসার (BLO) সরাসরি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সব মিলিয়ে ৩৬.৭৩ কোটি ভোটারের নথিপত্র ও বৈধতা এই প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে। রাজধানী দিল্লিতেও এই এসআইআর প্রক্রিয়া চলবে এবং আগামী ৭ অক্টোবর সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যে, ভোটাররা যেন তাঁদের এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করে জমা দেন যাতে তালিকায় কোনো ত্রুটি না থাকে। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখের ক্ষেত্রে জনসুমারির দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর এবং আবহাওয়া অনুকূল থাকলে আলাদাভাবে এসআইআর ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে এসআইআর-এর প্রথম দুই দফায় বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিহারে প্রথম দফায় প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল। দ্বিতীয় দফায় সবথেকে বড় ধাক্কা দেখা গিয়েছে উত্তরপ্রদেশে, যেখানে ২.০৪ কোটিরও বেশি ভোটারের নাম বাতিল হয়। পশ্চিমবঙ্গেও এই একই প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ গিয়েছেন ৯০ লক্ষেরও বেশি ভোটার। ফলে তৃতীয় দফায় ১৬টি রাজ্যে এই ভেরিফিকেশন শুরু হওয়ায় আবারও বড়সড় রদবদলের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহলের একাংশ।