CM Mamata Banerjee: ‘জাতির জনককে ভুলে যাচ্ছেন?’ বিজনেস কনক্লেভের মঞ্চে বাঙালি অস্মিতায় শান দিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার – Bengali News | Chief Minister Mamata Banerjee sharpened her focus on Bengali identity and attacked the central government over 100 days work
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV 9 Bangla
কলকাতা: কলকাতায় হয়ে গেল প্রথম বিজনেস কনক্লেভ। একঝাঁক শিল্পপতিদের মাঝে বক্তব্য রাখতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে দেখালেন নতুন দিশা। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকারের হাত ধরে কীভাবে রাজ্যের শিল্প মানচিত্রটাই বদলে গিয়েছে তাও তুলে ধরেন। স্বভাবসিদ্ধা ভঙ্গিতে তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধেও। মঞ্চ থেকে মমতা বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি সিঙ্গাপুর গিয়েছিলাম। তখন দেখেছিলাম চারপাশে বাংলার এমন একটা ভাবমূর্তি তৈরি হয়েছে যে বাংলা কিছুই করতে পারবে না। চারপাশে রটিয়ে দেওয়া হয়েছিল বাংলা আসলে একটা লস্ট কেস। বাংলা কিছুই করছে না, করার ক্ষমতাই নেই, সব গৌরব হারিয়ে ফেলেছে। দেখলাম সবাই শুধু বাংলার বদনামই করছে। বাংলায় শিল্প সম্ভাবনা নেই বলে রটিয়ে দেওয়া হয়েছিল। সেই দিন থেকেই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। চ্যালেঞ্জ নিয়েছিলাম বাংলাও একদিন বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।”
নির্বাচনের পরে যে বিজিবিএস হবে এদিন সে কথাও বলেন মমতা। আর তখনই বাংলার ভাবমূর্তি নষ্ট প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “কিছু মানুষ বাংলার বদনাম করতে চায়। কিন্তু বাংলা কত এগিয়ে গিয়েছে সেটা তারা জানে না। বাংলা এখন লজিস্টিক হাবে এর নম্বরে।”
সম্প্রতি মনরেগা প্রকল্পের নাম বদলে ফেলেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় মমতাকে। খানিক ক্ষোভের সঙ্গেই বলেন, “১০০ দিনের কাজ থেকে গান্ধীজির নাম সরানো হয়েছে। জাতির জনককে ভুলে যাচ্ছেন? ভাবা যায়! আমাদের প্রকল্পের টাকা আটকে দিলেও আমরা দিয়ে যাচ্ছি। আমরা ভিক্ষা চাই না। গান্ধীজীকে শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মশ্রী দিচ্ছি। নেতাজি, রবীন্দ্রনাথ আমরা সকলকে শ্রদ্ধা করি। তারপরও বাংলার বদনাম করা হয়। আমি প্রধানমন্ত্রীকে বলব এমন কিছু করবেন না যেটা পরে আপনার কাছে ফিরে আসে। আমরা মানবিকতার পক্ষে।”