চন্দ্রনাথ খুনের তদন্তে এবার সিবিআই! ডিআইজি-র নেতৃত্বে দিল্লি থেকে আসছে স্পেশাল টিম
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তভার নিল সিবিআই। নবান্নের অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবারই এই মামলায় নতুন করে এফআইআর (FIR) দায়ের …
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তভার নিল সিবিআই। নবান্নের অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবারই এই মামলায় নতুন করে এফআইআর (FIR) দায়ের করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের একজনের এমন রহস্যময় মৃত্যুতে গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। তদন্তে যাতে বিন্দুমাত্র ফাঁক না থাকে, সেজন্যই মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।(CBI takes over Chandranath Rath murder investigation)
সিবিআই সূত্রে খবর, এই স্পর্শকাতর মামলার তদন্তের জন্য দিল্লি থেকে একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে। ‘স্পেশাল ক্রাইম’ ইউনিটের ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সাত সদস্যের এই বিশেষ তদন্তকারী দল (SIT) কলকাতায় আসছে। এই দলে সিবিআই-এর বিভিন্ন ইউনিটের বাঘা বাঘা অফিসারদের রাখা হয়েছে, যাঁরা অতীতেও বড় বড় অপরাধমূলক মামলার জট খুলেছেন।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, চন্দ্রনাথ রথের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছিল। পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ তোলা হয়েছিল। ঘটনার গুরুত্ব বিচার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছিলেন, যা পরবর্তীতে মন্ত্রিসভার মাধ্যমে কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়।
তদন্তের অভিমুখ
প্রাথমিক তথ্যের ভিত্তিতে সিবিআই ইতিমদধ্যেই সংশ্লিষ্ট মহলের বয়ান ও তথ্যপ্রমাণ সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে। দিল্লি থেকে আসা বিশেষ দলটি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় পুলিশের নথিপত্রও খতিয়ে দেখবে। গোয়েন্দাদের লক্ষ্য, পর্দার আড়ালে থাকা সেই ‘মাস্টারমাইন্ড’দের খুঁজে বের করা, যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।
প্রশাসনিক মহলের মতে, খাস মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে যুক্ত একজনের খুনের তদন্তভার সিবিআই নেওয়ায় আগামী দিনে একাধিক বড় নাম বা রাজনৈতিক ষড়যন্ত্র সামনে আসতে পারে।