Manoj Agarwal: মুখ্যসচিব হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকে? ছবি ভাইরাল হতেই টিভি৯ বাংলাকে কী বললেন মনোজ আগরওয়াল? | Before Official appointment as Chief Secretary, Manoj Agarwal seen in CM Suvendu Adhikari’s Meeting, Explains Viral Nabanna Photo - 24 Ghanta Bangla News
Home

Manoj Agarwal: মুখ্যসচিব হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকে? ছবি ভাইরাল হতেই টিভি৯ বাংলাকে কী বললেন মনোজ আগরওয়াল? | Before Official appointment as Chief Secretary, Manoj Agarwal seen in CM Suvendu Adhikari’s Meeting, Explains Viral Nabanna Photo

Spread the love

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে মনোজ আগরওয়াল Image Credit: Social Media

কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নির্বাচন-পর্বে তাঁকে দেখেছে রাজ্যবাসী। কিন্তু, নতুন সরকার গঠনের পর গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে আচমকা তাঁকে দেখা যায়। প্রশ্ন উঠতে শুরু করে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল কেন মুখ্যমন্ত্রীর বৈঠকে নবান্নে থাকবেন? টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিলেন রাজ্যের সিইও তথা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। একাধিক পয়েন্ট উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁর উপস্থিত থাকার কারণ বিশ্লেষণ করলেন। কী বললেন তিনি?

মুখ্যসচিব হওয়ার আগেই কেন মুখ্যমন্ত্রীর বৈঠকে?

মুখ্যসচিব হিসেবে নাম ঘোষণার আগেই সোমবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আধিকারিকদের বৈঠকে দেখা গিয়েছিল মনোজ আগরওয়ালকে। তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। ছবি পোস্ট করে খোঁচা দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় কল্যাণ লিখেছিলেন, “এই ছবি প্রমাণ করে নির্বাচনের সময় বিজেপির সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আঁতাত।”

এদিন এই নিয়ে টিভি৯ বাংলাকে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেন, “গতকাল প্রথম বৈঠক ছিল সব সচিবকে নিয়ে। সিইও হলেন রাজ্যের নির্বাচন দফতরের সচিব। আইনে এটা রয়েছে। তাছাড়া আমি পশ্চিমবঙ্গ ক্যাডারের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র অফিসার। তৃতীয়ত, আমি আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের নির্বাচন দফতরের সচিব হিসেবে আমি সেই বৈঠকে ছিলাম।”

পরের বৈঠকেও তাঁর উপস্থিত থাকা নিয়ে মনোজ আগরওয়াল বলেন, “আর জেলাশাসকদের সঙ্গে দ্বিতীয় বৈঠকের আগে মুখ্যসচিব হিসেবে আমার ফাইল সই করা হয়ে গিয়েছিল। তারপর আমি বৈঠকে গিয়েছিলাম। না হলে যেতাম না। বিজ্ঞপ্তি বেরতে হয়তো সাড়ে পাঁচটা-ছটা হয়ে গিয়েছে, তার আগেই আমাকে মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।”

টিভি৯ বাংলাকে মুখ্যসচিব স্পষ্ট করে দিলেন, তিনি নিয়ম ভেঙে কিছু করেননি। নিয়ম মেনেই নবান্নে দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *