Chandranath Rath murder investigation: খুনে ব্যবহৃত গাড়িটি আসলে কার? তদন্ত শুরু হতেই CID-এর হাতে উঠে এল ভয়ঙ্কর তথ্য – Bengali News | Shocking Twist in Chandranath Rath Murder Case: Stolen Car Used to Trap Suvendu Adhikari’s Aide Before Point Blank Shooting
ডানদিকে আসল গাড়িটির ছবিImage Credit: TV9 Bangla
কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত চার চাকা গাড়িটি চুরির। ওই গাড়িটি করে প্রথমে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়, তারপর পিছন থেকে বাইকে এসে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানতে মৃতদেহের ক্ষতচিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে গাড়ি এবং ঘটনাস্থল থেকেও।
খুনের প্যাটার্ন দেখে তদন্তকারীদের অনুমান, সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবার সকালেই সিআইডির হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছেছে। আজ ময়নাতদন্ত চন্দ্রনাথের দেহের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর FIR রুজু করা হবে। আপাতত সিআইডি আধিকারিকরাই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্তভার সিআইডি-র হাতে যেতে পারে বলে জানা যাচ্ছে।
ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,”দুই তিনদিন ধরে রেইকি করে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পুলিশ কিছু প্রমাণ পেয়েছে এবং তাঁরা তদন্ত করবে।” মধ্যমগ্রামের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শুভেন্দু জানিয়েছেন, কোনও একটা ক্লু পেয়েছে পুলিশ। সেটা ধরেই তদন্ত করা হচ্ছে।