সপ্তাহে একবার দেখা দেন অনুরাগীদের! নিরাপত্তারক্ষীদের কী নির্দেশ অমিতাভের?
প্রতি রবিবারের মতো এ বারও মুম্বইয়ের ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন অমিতাভ বচ্চন। দশকের পর দশক ধরে এই রীতি মেনে চলছেন বলিউডের শাহেনশাহ। আর সেই মুহূর্ত ঘিরে ভক্তদের উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। কিন্তু এ বার অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের কিছু ছবি ভাগ করে নিয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেতা।
নিজের ব্লগে অমিতাভ জানান, তাঁর কাছে অনুরাগীরাই সবচেয়ে বড় শক্তি। তাঁদের ভালোবাসা এবং সমর্থনই তাঁকে প্রতিদিন নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়। অভিনেতার কথায়, এত বছর পরেও যেভাবে মানুষ তাঁর জন্য অপেক্ষা করেন, তা তাঁর কাছে গর্বের এবং আবেগের বিষয়।
সেই সঙ্গে নিরাপত্তারক্ষীদের উদ্দেশেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। অমিতাভ জানিয়েছেন, যারা ‘জলসা’-র বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন, তাঁদের সঙ্গে সবসময় ভদ্র ব্যবহার করা উচিত। কারণ, নিরাপত্তারক্ষীদের আচরণ দেখেই সাধারণ মানুষ অভিনেতার ব্যক্তিত্ব বিচার করেন বলেও মনে করেন তিনি।
ব্লগে অভিনেতা লেখেন, প্রচণ্ড গরমের মধ্যেও অনুরাগীরা শুধু এক ঝলক দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, দর্শকই আসল শক্তি, তাঁদের সম্মান এবং ভালোবাসা ফিরিয়ে দেওয়াটা প্রত্যেক শিল্পীর দায়িত্ব।
রবিবারের সেই সাক্ষাতের একাধিক ছবিও পোস্ট করেছেন অমিতাভ। কোথাও তাঁকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে, কোথাও আবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেতাকে। ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকের মতে, এত সাফল্যের পরেও মানুষের প্রতি অমিতাভের এই শ্রদ্ধাবোধই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়।