Abhishek Banerjee: সাংসদ হয়ে অভিষেক কীভাবে Z প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান? বড় পদক্ষেপ CM শুভেন্দুর | TMC MP Abhishek Banerjee's Z Plus Security Under Review by New Bengal Government - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: সাংসদ হয়ে অভিষেক কীভাবে Z প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান? বড় পদক্ষেপ CM শুভেন্দুর | TMC MP Abhishek Banerjee’s Z Plus Security Under Review by New Bengal Government

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কি কমানো হবে?Image Credit: TV9 Bangla

কলকাতা: তিনি মন্ত্রী নন। একজন সাংসদ। তাঁর জেড প্লাস নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা পর্যালোচনা করে দেখতে বলা হল। একজন সাংসদ হিসেবে অভিষেকের জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার দরকার আদৌ রয়েছে কি না, তা রিভিউ করতে বলা হয়েছে।

শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে প্রথমবার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তখনই উঠে আসে ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। সেখানেই ভিআইপি হিসেবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও উঠে আসে। সাধারণত সাংসদরা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান না। প্রশাসনিক সূত্রের খবর, এই মুহূর্তে অভিষেকের জেড প্লাস নিরাপত্তার আদৌ প্রয়োজন কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে-

গত ১৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। সেইসময় অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। জেড প্লাস নিরাপত্তা পান অভিষেক। হরিশ মুখোপাধ্যায় রোডে তাঁর বাড়ির সামনে কয়েকদিন আগেও কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকত। ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসের সামনেও ছিল কড়া নিরাপত্তা। বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর অভিষেকের বাড়ি ও অফিসের সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এবার প্রশাসন পর্যালোচনা করে দেখবে, অভিষেকের জেড প্লাস নিরাপত্তার আদৌ প্রয়োজন রয়েছে কি না। পর্যালোচনার পর অভিষেকের নিরাপত্তা কমানো হয় কি না, সেটাই এখন দেখার।   

এদিকে এদিন নবান্নে পুলিশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, “পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও দক্ষ প্রশাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *