হান্টাভাইরাস আতঙ্ক, কেমন আছেন ‘MV Hondius’ ক্রুজ়ের যাত্রীরা?
সাম্প্রতিক সময়ে ‘MV Hondius’ ক্রুজ় থেকে হান্টাভাইরাস (Hantavirus ) সংক্রমণের কথা বার বার খবরের শিরোনামে আসছে। আটলান্টিক মহাসাগরে এই বিলাসবহুল ক্রুজ় থেকে এই ভাইরাস ছড়িয়েছিল। ওই ক্রুজ়ে ছিল মোট ১৪৯ জন যাত্রী। এখন তাঁরা কোথায় আছেন? কেমনই বা আছেন?
সারা বিশ্বে এখন নতুন ত্রাস হান্টাভাইরাস। গার্ডিয়ানের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘MV Hondius’ ক্রুজ়ে যে যাত্রীরা ছিলেন, তাঁদের পিপিই স্যুট ও মাস্ক পরিয়ে স্পেনের ক্যানারি আইল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখান থেকে ফিরে গিয়েছিলেন নিজেদের দেশে। তবে WHO জানিয়েছে, এই সকল যাত্রীদের আগামী ৪২ দিনের জন্য কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর বা কোনও উপসর্গ হলে নিয়মিত তা পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে।
আমেরিকার ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, তাঁরা যাত্রীদের আগামী ৩ দিনের জন্য লিভারপুলের একটি হাসপাতালে কোয়ারান্টিনে রেখেছেন। এদের সমস্ত মেডিক্যাল পরীক্ষা করা হবে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী কোয়ারেন্টিনের।
ওই জাহাজের যে সব যাত্রী অস্ট্রেলিয়ায় বাসিন্দা ছিলেন, তাঁদেরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং অ্যাম্বুল্যান্সে করে সিডনির একটি বিশেষ জায়গায় আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের। ইবোলা ভাইরাস মহামারীর সময় যে সব প্রোটোকল মানা হয়েছিল, সেই নিয়মেই এই আইসোলেশন প্রক্রিয়া চালু করা হবে।
ফ্রান্সে ইতিমধ্যেই এই ভাইরাসে একজন সংক্রমিত। তাঁকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। তবে এখন আর কোনও কেস প্রকাশ্যে আসেনি। পরবর্তীতে আর কী ব্যবস্থা নেওয়া হবে, তা ফ্রান্সের সরকারের তরফে জানানো হবে। স্পেনে ১৪ জন যাত্রীকে মাদ্রিদে বিশেষ হাসপাতালে রাখা হয়েছে।
কেমন আছেন ভারতীয়রা?
এই ‘MV Hondius’ ক্রুজ়ে ছিলেন দুই ভারতীয় ক্রু। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ওই দুই জাহাজ কর্মীকে নেদারল্যান্ডে আইসোলেশনে রাখা হয়েছে এবং এখনও তাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি।
অভিশপ্ত ‘MV Hondius’জাহাজের বর্তমান পরিস্থিতি
জাহাজটিকে আপাতত কঠোর নজরদারিতে রাখা হয়েছে। কোনও ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণী রয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। কর্মীরা পিপিই স্যুট ও বিশেষ মাস্ক পড়ে এই জাহাজকে জীবাণুমুক্ত করার কাজ করছেন।
প্রসঙ্গত, এই জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছিলো তিনজন যাত্রীর। যাঁদের মধ্যে দুই জন ছিলেন ডাচ নাগরিক ও একজন জার্মানির বাসিন্দা।