সাংহাইয়ে সোনার তির! চিনকে হারিয়ে তিরন্দাজি বিশ্বকাপ জিতল ভারত
সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা রিকার্ভ দল (Archery World Cup 2026 Shanghai)। রুদ্ধশ্বাস ফাইনালে আয়োজক চিনকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতলেন দীপিকা কুমারী, …
সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা রিকার্ভ দল (Archery World Cup 2026 Shanghai)। রুদ্ধশ্বাস ফাইনালে আয়োজক চিনকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহোদ। গোটা ম্যাচ জুড়েই ছিল উত্তেজনা, পাল্টা লড়াই এবং স্নায়ুর অসাধারণ পরীক্ষা। শেষ পর্যন্ত শুট-অফে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে ভারতের মেয়েরাই বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করলেন। ফাইনালের শুরুটা দুরন্ত করেছিল ভারত। প্রথম সেটে ৫৪-৫৩ ব্যবধানে জয় পেয়ে এগিয়ে যায় দীপিকারা। তবে সহজে হার মানার পাত্র ছিল না চিন। নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরে আসে তারা। তৃতীয় সেট শেষে ভারত পিছিয়ে পড়ায় চাপ আরও বাড়ে। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেই অসাধারণ মানসিক শক্তির পরিচয় দেয় ভারতীয় দল। চতুর্থ সেটে ৫৪-৫৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সমতায় ফেরে তারা। ফলে ম্যাচ গড়ায় শুট-অফে।
শুট-অফে ছিল স্নায়ুচাপের চরম লড়াই। দুই দলই নিখুঁত লক্ষ্যভেদের চেষ্টা চালায়। কিন্তু শেষ মুহূর্তে ভারতের তিরন্দাজরাই বেশি স্থিরতা দেখান। ২৮-২৬ ব্যবধানে শুট-অফ জিতে নেয় ভারত। সেই সঙ্গে ৫-৪ ব্যবধানে নিশ্চিত হয় সোনার পদক। সাংহাইয়ের মঞ্চে জাতীয় পতাকা উড়তে দেখে আবেগে ভেসে যান ভারতীয় সমর্থকেরা। এই সাফল্যের পথে ভারতের সামনে ছিল একের পর এক কঠিন চ্যালেঞ্জ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই দাপট দেখিয়ে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথম সেটে ৫৮-৫৫ ব্যবধানে জয় পায় তারা। দ্বিতীয় সেট ড্র হলেও তৃতীয় সেটে আবারও দুরন্ত পারফরম্যান্স করে ৫৮-৫৬ ব্যবধানে জয় তুলে নেয় ভারত। ফলে ৫-১ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল।
এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান এবং কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল ভারত। পুরো প্রতিযোগিতায় বিশেষ ভাবে নজর কাড়েন মাত্র ১৭ বছরের কুমকুম মোহোদ। অভিজ্ঞ দীপিকা কুমারী ও অঙ্কিতা ভকতের পাশে দাঁড়িয়ে সমান আত্মবিশ্বাসে পারফর্ম করেন তিনি। বড় মঞ্চের চাপ সামলেও তাঁর নিখুঁত লক্ষ্যভেদ ভারতকে বাড়তি শক্তি জুগিয়েছে। মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে এটি ভারতের তৃতীয় বিশ্বকাপ সোনা। এর আগে ২০২১ সালেও এই বিভাগে সাফল্যের অন্যতম মুখ ছিলেন দীপিকা কুমারী। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মেলবন্ধনে এবারও বিশ্বমঞ্চে সেরার আসন দখল করল ভারত। সাংহাইয়ের এই সোনালি জয় ভারতীয় তিরন্দাজির ইতিহাসে আরও একটি গৌরবের অধ্যায় হয়ে থাকবে।