লাগাতার হুমকি, বাড়িতে ভাঙচুর, কুলপিতে ঘরছাড়া তৃণমূল নেতার মৃত্যু
এই সময়, কুলপি: ভোটের ফল বেরোনোর পরে রাজনৈতিক উত্তেজনার আবহে কুলপির রামকিশোর গ্রাম পঞ্চায়েতের হাঁড়া গ্রামে তৃণমূলের এক বুথ সভাপতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিঠুন সামন্ত (৩৮)। পরিবারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসা, লাগাতার হুমকি এবং বাড়িতে ভাঙচুরের ঘটনায় প্রবল মানসিক চাপে ছিলেন তিনি। তার জন্যই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।