New Chief of Defence Staff: নতুন চিফ অব ডিফেন্স স্টাফ ঘোষণা করল কেন্দ্র, কে এই লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি? – Bengali News | Centre announces Lieutenant General NS Raja Subramani To Be New Chief Of Defence Staff, Who is He?
নয়া দিল্লি: দেশ পেল নতুন চিফ অব ডিফেন্স স্টাফ। কেন্দ্রের তরফে লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণির নাম পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে ঘোষণা করা হল। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের জায়গায় দায়িত্ব নেবেন তিনি।
আগামী ৩০ মে চিফ অব ডিফেন্স স্টাফ পদে মেয়াদ শেষ হচ্ছে জেনারেল অনিল চৌহানের। তার আগেই পরবর্তী সিডিএসের নাম ঘোষণা করল কেন্দ্র। এনএস রাজা সুব্রমণি ভারত সরকারের মিলিটারি বিষয়ক বিভাগের সেক্রেটারি হিসাবেও দায়িত্ব পালন করবেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
কে এই এনএস রাজা সুব্রমণি?
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে এই উর্দির যাত্রা শুরু। ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে গারওয়াল রাইফেলসে তিনি নিয়োগ হন। এরপর তিনি ব্রিটেনের ব্রাকনেলে জয়েন্ট সার্ভিসেস কম্য়ান্ড স্টাফ কলেজে পড়েন। ভারতে ফিরে আসার পর তাঁকে মাউন্টেন ব্রিগেডের ব্রিগেড মেজর পদে দায়িত্ব দেওয়া হয়।
দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে পড়াশোনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে এমফিল করেছেন। ৩৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি নানা যুদ্ধ-সংঘর্ষের সাক্ষী থেকেছেন। কাজাকিস্তানের আস্তানায় ভারতীয় দূতাবাসেও দায়িত্বে ছিলেন তিনি।
কর্নেল র্যাঙ্ক অর্জন করেন তিনি। সেনাবাহিনীর হেডকোয়ার্টারে অ্যাসিস্টেন্ট মিলিটারি সেক্রেটারি র দায়িত্বও সামলান। এরপর ইস্টার্ন কম্যান্ড হেডকোয়ার্টারে কর্নেল জেনারেল স্টাফ (অপারেশন) পদে ছিলেন। জম্মু-কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেল সেক্টরের ডেপুটি কম্যান্ডার পদেও দায়িত্ব পালন করেন।
ব্রিগেডিয়ার পদে পদোন্নতির পর তিনি সাম্বায় ১৬৮ ইনফ্যান্ট্রি ব্রিগেডের দায়িত্বে ছিলেন। আর্মি হেডকোয়ার্টারে ডেপুটি ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর পদে ছিলেন। এরপরে তাঁকে প্রোমোশন দিয়ে ইস্টার্ন কম্যান্ডের ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশন) পদে দায়িত্ব দেওয়া হয়।
২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ দায়িত্ব নেন। এক বছর পরে তাঁকে আর্মি স্টাফের ৪৭তম ভাইস চিফ করা হয়। সক্রিয় মিলিটারি সার্ভিস থেকে অবসরের পর তাঁকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের মিলিটারি অ্যাডভাইসর পদে বসানো হয়েছিল। এবার তিনি তিন বাহিনীর সর্বোচ্চ পদ, চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব পেলেন।
দীর্ঘ এই সেনাবাহিনীর কেরিয়ারে তিনি পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল ও বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন।