CM Suvendu Adhikari private secretary: মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিব কে হলেন? জেনে নিন তাঁর পরিচয় – Bengali News | IAS Shantanu Bala appointed as CM Suvendu Adhikari’s private secretary
কলকাতা: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রশাসনকে ঢেলে সাজানোর কাজে হাত দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তা নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়েছে, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিব নিয়োগের সিদ্ধান্তের কথা জানাল নবান্ন। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হল শান্তনু বালাকে। কে তিনি?
কে এই শান্তনু বালা?
শান্তনু বালা ২০১৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন। এই আইএএস অফিসারের জন্ম ১৯৮৮ সালের ১৬ নভেম্বর। বায়ো টেকনোলজিতে এম.টেক করেছেন। বয়স মাত্র আটত্রিশ বছর। আইএএস অফিসার হিসেবে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হওয়ার আগে একাধিক দায়িত্ব সামলেছেন। এবার বাংলার নতুন সরকারের মুখ্যমন্ত্রীর একেবারে ব্যক্তিগত সচিবের দায়িত্ব পেলেন শান্তনু বালা।
ওয়াকিবহাল মহল বলছে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব প্রচুর। মুখ্যমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি, বৈঠক এবং সাক্ষাৎকারের সূচি তাঁকে নজরে রাখতে হয়। সরকারি দফতর, আমলা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগাযোগ স্থাপন ও সমন্বয় রক্ষার ক্ষেত্রে নজর রাখেন ব্যক্তিগত সচিব। এছাড়াও ব্যক্তিগত সচিব দৈনন্দিন প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রীকে সহায়তা করেন।
এদিন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে ভোট-পর্বে বাংলায় নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট-পর্বের জন্য সুব্রত গুপ্তকে কৃতিত্ব দিচ্ছেন অনেকে। গত ৭ মে বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সুব্রত গুপ্তকে অব্যাহতি দিয়েছে কমিশন। তারপরই এদিন তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল। আর নতুন দায়িত্ব পেয়েই সুব্রত গুপ্ত জানিয়ে দিলেন, আগামিকাল (রবিবার) থেকেই কাজ শুরু করে দেবেন তিনি।