Agnimitra Paul Oath Ceremony:ফ্যাশন জগৎ থেকে কীভাবে রাজনীতির আঙিনায় এলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল? – Bengali News | From Fashion Runway to Bengal Cabinet: Agnimitra Paul Takes Oath as Minister
কলকাতা: একটা সময়ে শো স্টপারের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন। তাঁর প্রিয় রঙ ছিল সাদা। তাঁর ডিজাইন করা পোশাকে সাদার ছোঁয়া থাকতই। তা সে ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন! সেই রঙে লাগল গেরুয়ার ছোঁয়া। রেড কার্পেট থেকে সোজা রাস্তায় তিনি। মিশেছেন মাটির সঙ্গে। দাঁত কামড়ে লড়াই করেছেন। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল আজ রাজ্যের মন্ত্রী। শনিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর যে পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছেন, তাঁদের এক জন অগ্নিমিত্রা পাল। তবে তিনি কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়।
২০১৯ সালের মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। রাজনীতিতে এসে কিন্তু নিজেকে ‘গ্ল্যামার’ দুনিয়াতেই আটকে রাখেননি। তিনি তখন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। গ্ল্যামার ছেড়ে বেরিয়ে একেবারে আমপোশাকে, এক্কেবারেই পাশের বাড়ির ‘দিদির’ ভূমিকায় নেমে মাটি চষে বেরিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন এবং ২০২৬ সালেও নিজের আসন ধরে রাখতে সক্ষম হন।
যে মানুষটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফ্রেঞ্চ ভাষায় ডিপ্লোমা করেছেন এবং ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চতর শিক্ষা লাভ করেছেন, তাঁকে এরপর থেকে দেখা যায় রাস্তাতেই। যে কোনও আন্দোলনে-প্রতিবাদে রাস্তায় ছিলেন তিনি। গ্ল্যামার দুনিয়ার যে মানুষটি ছিলেন নিতান্ত গ্রামের বাসিন্দাদের ধরাছোঁয়ার বাইরে, তিনি বারংবার পৌঁছে গিয়েছেন প্রত্যন্ত গ্রামের নির্যাতনের শিকার যে কোনও তরুণীর বাড়ি। মাটি কামড়ে পড়ে থেকেছেন বিচার আনতে। আজ অগ্নিমিত্রাকে মন্ত্রী করে তারই স্বীকৃতি দিল বিজেপি।