শুভেন্দুর শপথগ্রহণে হাসি ফুটল ফুল চাষিদের মুখে
সারা বছর বিভিন্ন পুজো পার্বনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য তাঁরাও মুখিয়ে থাকেন। ভোটের প্রচার শুরু হওয়ার পর থেকেই রজনীগন্ধা-সহ নানা ফুলের চাহিদা তুঙ্গে ছিল। আর এ বারে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ উপলক্ষে রাজকীয় আয়োজন হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তা ছাড়াও জেলায় জেলায় বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানও হয়েছে। সেখানেও কাজে লেগেছে পদ্ম-সহ নানা ফুল। ফলে চাহিদা বাড়ে ফুলের।
বাগনানের ফুল চাষিরা জানিয়েছেন, তাঁরা বেশ লাভ করেছে। তাঁদের প্রচুর ফুল বিক্রি হয়েছে। এর মধ্যে সবার আগে রয়েছে পদ্ম। এ ছাড়া গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল ও অন্যান্য ফুলও বিক্রি হয়েছে। বাঁকুড়দহ এলাকার ফুল চাষি পুলক ধাড়া বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথগ্রহণ উপলক্ষে ফুলের চাহিদা ব্যাপক ছিল। গাঁদা, পদ্ম-সহ বেশ কয়েক ধরনের ফুলের চাহিদা বেশ ভালোই ছিল। দাম পাওয়া গিয়েছে আশানুরূপ। এখান থেকে গাঁদা গিয়েছে কমপক্ষে পাঁচ কুইন্টাল। সারা বাংলায় ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, যেখানে কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে এই সময় এক একটি পদ্ম বিক্রি হতো ১ থেকে ২ টাকায়। সেখানে বাজারে সেই পদ্ম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়। কলকাতার শহরতলি এলাকায় ওই পদ্ম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। নতুন মন্ত্রিসভা গঠনের পরিপ্রেক্ষিতে এক ধাক্কায় চাহিদা অনেকটা বেড়ে যাওয়ায় ফুলের দাম ঊর্ধ্বমুখী। স্বভাবতই খুশি ফুলচাষি ও ফুলব্যবসায়ীরা।