‘প্রায় মা হতে চলেছিলাম…’, অস্ত্রোপচারের আগে আচমকা পোস্ট অন্বেষার, অভিনেত্রীর সঙ্গে কী ঘটল? – Bengali News | Annwesha roy mukherjee emotional post before surgery miscarriage details
জীবন কখনও কখনও এমন মোড় নেয়, যা কল্পনাকেও হার মানায়। টলিউড অভিনেত্রী অন্বেষার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। অভিনেত্রী সম্প্রতি জানতে পেরেছিলেন তিনি মা হতে চলেছেন। কিন্তু শুক্রবার ‘কম্পাস’-এর সেটে শুটিং চলাকালীন হঠাৎই তীব্র পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, শট চলাকালীনই গর্ভপাত হয়ে যায় অভিনেত্রীর। জানা গিয়েছে, সহকর্মীদের তৎপরতায় অন্বেষাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, পরিস্থিতি এতটাই জটিল ছিল যে অন্বেষার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তাঁর। হাসপাতাল থেকে সোশাল মিডিয়ার এক পোস্টের মধ্যে দিয়ে অনেষ্বা জানান, “প্রায় মা হতে চলেছিলাম…. জীবন আর কতটা কঠিন হতে পারে? আমার অস্ত্রোপচারের ঠিক কয়েক মিনিট আগে এটি পোস্ট করছি যাতে পরবর্তীতে আমি ফিরে তাকাতে পারি এবং মনে করতে পারি যে আমি কতটা কষ্ট সহ্য করেছি এবং এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির পুরোটা সময় জুড়ে আমি কতটা শক্ত ছিলাম। মানসিক, আবেগীয় এবং শারীরিক— সব দিক থেকেই! তবুও আমি হেসেছি এবং আগামীর দিকে তাকিয়েছি। মাতৃদিবসের ঠিক দুদিন আগে… আমি প্রায় মা হতে চলেছিলাম…. আমার দেবশিশু ।”

এই কঠিন সময়ে অন্বেষার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন তাঁর স্বামী। মানসিকভাবে ভেঙে পড়লেও অন্বেষা হার মানতে নারাজ। অদম্য জেদ আর সহ্যক্ষমতা সম্বল করে তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন। এখন শুধুই সুস্থ হয়ে ওঠার অপেক্ষা। হাসপাতাল থেকে ছাড়া পেলেই ফের মেকআপ আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরতে চান তিনি। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন ‘কম্পাস’ ধারাবাহিকের এই অভিনেত্রী।