SIR in Bengal: ‘এই SIR-র জন্য আর কতজনকে মরতে হবে?’, নদিয়ায় BLO-র আত্মহত্যার পরই সরব মুখ্যমন্ত্রী – Bengali News | ‘How many more need to die for this SIR?’, says CM Mamata Banerjee in social media over death of a BLO in Nadia
আত্মঘাতী নদিয়ার বিএলও রিঙ্কু তরফদারImage Credit: Social Media
কলকাতা: কৃষ্ণনগরে এক বিএলও-র আত্মহত্যার ঘটনায় এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রিঙ্কু তরফদার নামে ওই বিএলও-র আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠেছে। এমনকি, একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। যেখানে তাঁর মৃত্য়ুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই বিএলও। এরপরই কমিশনকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘এই এসআইআর-র জন্য আর কতজনকে মরতে হবে?’
কৃষ্ণনগরের ওই বিএলও-র আত্মহত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “আরও এক বিএলও-র মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। কৃষ্ণনগরে ওই মহিলা পার্শ্বশিক্ষক এদিন আত্মহত্যা করেছেন। বাড়িতে আত্মহত্যার আগে রিঙ্কু তরফদার নামে ওই বিএলও সুইসাইড নোটে জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।” এরপরই কমিশনকে নিশানা করে মমতা লেখেন, “আর কত প্রাণ ঝরবে? এই এসআইআর-র জন্য আর কতজনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে? এটা এখন সত্যিই উদ্বেগজনক!”
ওই বিএলও-র মৃত্যুর জন্য উল্টে রাজ্য সরকারকে আক্রমণ করল গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “এসআইআরের কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু, মুখ্যমন্ত্রী তা মানেননি। ওই বিএলও-র পরিবার জানিয়েছে, তিনি অনলাইনে কাজ ঠিকমতো করতে পারতেন না। যদি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হত, তাহলে আমরা একজনকে হারাতাম না। এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর।”
বিএলও রিঙ্কু তরফদারের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যে নদিয়ার জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কী কারণে ওই বিএলও-র মৃত্য়ু হয়েছে, তা নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
গত বুধবার জলপাইগুড়ির মালবাজারেও এক বিএলও আত্মঘাতী হন। তাঁর পরিবারেরও অভিযোগ, কাজের চাপে আত্মঘাতী হন শান্তি মুনি ওরাওঁ নামে ওই বিএলও। তা নিয়েও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠান তিনি। এরপর এদিন ফের এক বিএলও-র আত্মহত্যার ঘটনায় সরব হলেন।