BJP Worker Attacked in Tarakeswar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, তারকেশ্বরে গ্রেফতার ৬ তৃণমূল কর্মী – Bengali News | BJP Worker Attacked While Distributing Annapurna Bhandar Forms in Tarakeswar, 6 TMC Workers Arrested
তারকেশ্বর: হেরেছে দল। কিন্তু তারপরেও অভিযোগের অন্ত নেই তৃণমূলের বিরুদ্ধে। অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি সন্দীপ মালিক নামে ওই পদ্ম কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তারকেশ্বরের মির্জাপুর এলাকায়। ঘটনায় তারকেশ্বর থানার পুলিশের হাতে ৬ তৃণমূল কর্মী গ্রেফতারও হয়েছেন বলে জানা যাচ্ছে। চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনায়।
বিজেপি কর্মী সন্দীপ মালিকের পরিবারের সদস্যরা বলছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মির্জাপুর এলাকায় বাড়ি বাড়ি অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম বিলি করতে বেরিয়ে ছিলেন সন্দীপ। দুপুর দু’টো নাগাদ বাড়ি থেকে তিনশো মিটার দূরে কৃষি জমিতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই তাঁকে উদ্ধার করেন। কিন্তু অবস্থার অবনতি হলেও ঝড়-বৃষ্টির কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিন সকালে প্রথমে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় তাঁকে আরামবাগ মুহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
সন্দীপের পরিবারের অভিযোগ, এলাকার চার তৃণমূল নেতাই তাঁদের ছেলেকে বেধড়ক মারধর করেছে। ওই নেতাদের নামে থানায় অভিযোগও জানায় সন্দীপের পরিবারে। তাঁদের আরও অভিযোগ, চব্বিশের লোকসভা ভোটের পর সন্দীপকে বাড়ি ছাড়া করেছিল তৃণমল নেতারা। এবার বিজেপি জেতার পরেও তৃণমূল নেতাদের বার বাড়ন্ত কমেনি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে রয়েছে পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।