বারাসতে উদ্ধার চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক, আততায়ীদের খোঁজে ভিন রাজ্যে পুলিশ
বারাসত: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের কিনারায় আরও এক ধাপ এগোল পুলিশ। বারাসতের ১১ নম্বর রেলগেটের ধার থেকে উদ্ধার করা হল খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটি। পরিত্যক্ত অবস্থায় …
বারাসত: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের কিনারায় আরও এক ধাপ এগোল পুলিশ। বারাসতের ১১ নম্বর রেলগেটের ধার থেকে উদ্ধার করা হল খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বাইকটি ঘাতকরা পালানোর জন্য ব্যবহার করেছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত গোয়েন্দারা। (Second bike recovered in Chandranath Rath murder investigation)
তদন্তকারী সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলিতে ঝাঁঝরা করার পর দুষ্কৃতীরা এই বাইকেই বারাসতের দিকে চম্পট দেয়। এরপর ধরা পড়ার ভয়ে ১১ নম্বর রেলগেটের কাছে নির্জন এলাকায় বাইকটি ফেলে রেখে তারা গা ঢাকা দেয়। উল্লেখ্য, এর আগে একটি বাইক উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় এই বাইকটি উদ্ধার হওয়াকে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত বড় সাফল্য বলে মনে করছেন গোয়েন্দারা, কারণ এটি থেকে ঘাতকদের আঙুলের ছাপ বা অন্য কোনো সূত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরপ্রদেশে ছড়াল তদন্তের জাল
ঘটনার গুরুত্ব বিচার করে এবং উদ্ধার হওয়া গাড়ির সূত্র ধরে এবার ভিন রাজ্যেও পাড়ি দিয়েছে সিট (SIT)। তদন্তকারীদের একটি দল উত্তরপ্রদেশে পৌঁছেছে বলে খবর। পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের নীল নকশা হয়তো রাজ্যে তৈরি হয়েছে, কিন্তু খুনিরা ভিন রাজ্যের পেশাদার সুপারি কিলার হতে পারে।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও, ঘাতক বাইক ও গাড়ি উদ্ধার হওয়ার ফলে অপরাধীদের বৃত্তটা ক্রমশ ছোট হয়ে আসছে বলে মনে করছে পুলিশ।