অটোচালক থেকে বিধায়ক! রয়াপুরমে হেভিওয়েটদের হারিয়ে চমক TVK প্রার্থীর
পনেরো বছরের বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় প্রথমবার BJP সরকার গঠিত হতে চলেছে। এই হাইভোল্টেজ রাজনৈতিক ঘটনার পাশাপাশি সারা দেশের নজর কেড়ে নিয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সকলকে চমকে দিয়ে উত্থান ঘটেছে তামিল ফিল্মের সুপারস্টার থালাপতি বিজয়ের দল TVK। আর TVK-র চমকে দেওয়া জয়ের পরিসংখ্যানে সবথেকে বড় চমক কে বিজয় ধামু। রয়াপুরম কেন্দ্র থেকে জয়লাভ করেছেন এই অটোচালক। হ্যাঁ, একেবারেই সাধারণ এক অটোচালককে প্রার্থী করেছিলেন বিজয়। ১৪,০০০-এর বেশি ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন এই অটোচালক।
অটো স্ট্যান্ড থেকে বিধানসভায়
ধামু এই নির্বাচনে ৫৫ হাজারেরও বেশি ভোট পেয়েছেন। বড় ধাক্কা খেতে হয়েছে AIADMK এবং DMK-কে। এই কেন্দ্র AIADMK নেতা ডি জয়কুমারের গড় হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার তিনি বিধায়ক হয়েছেন এই কেন্দ্র থেকে। কিন্তু এ বার তিনি মাত্র ১৮ হাজার ভোট পেয়ে নেমে এসেছেন তৃতীয় স্থানে। অন্যদিকে, DMK প্রার্থী সুবেইর খান দ্বিতীয় স্থানে থাকলেও TVK-ঝড় আটকাতে পারেননি।
কোন অঙ্কে ধামুর বাজিমাত?
মৎস্যজীবী সম্প্রদায় অধ্যুসিত এই কেন্দ্রে মৎসজীবীদের উন্নয়নের বিষয়ে বিজয়ের প্রতিশ্রুতি বড় ফ্যাক্টর হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ছিল বিজয়ের ফ্যান ক্লাবের জনসংযোগ। যার ভরপুর সুবিধা পেয়েছেন ধামু। টিকিট পাওয়ার পরে দলীয় প্রধান বিজয়ের সঙ্গে ধামুর একটি আবেগঘন আলিঙ্গনের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই ছবি শেষ পর্যন্ত ধামুর প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। এ ছাড়া রয়াপুরমের স্থানীয় স্তরের সমস্যাকেও তুলে ধরেছিলেন ধামু।
এই বারই প্রথম নির্বাচনী ময়দানে নেমেছিল থালাপতি বিজয়ের দল TVK। আর প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই ১০০টির বেশি আসনে জিতে প্রায় সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলেছে TVK। আর একজন সাধারণ অটোচালকের এই উত্থান TVK-র ‘আম আদমি’ আখ্যানের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।