সেমেস্টার চালুর পরেও একাদশে বিজ্ঞানে ঢালাও ফেল, উদ্বেগে স্কুল, সমাধান খুঁজছে সংসদ
স্নেহাশিস নিয়োগী
উচ্চ মাধ্যমিকে বাংলার ছাত্রছাত্রীরা যাতে বেশি নম্বর পায়, তা নিশ্চিত করতে দু’বছর আগে সেমেস্টার সিস্টেম চালু করেছিল সংসদ। মার্চ–এপ্রিলে একাদশ শ্রেণির রেজ়াল্ট বেরনোর পরে দেখা যাচ্ছে, রাজ্যের সরকারি স্কুলগুলির পড়ুয়াদের বেশিরভাগই ফেল করেছে। ফিজি়ক্স, কেমিস্ট্রি এবং অঙ্কে সবচেয়ে খারাপ। কলকাতা থেকে কোচবিহারের সব স্কুলে এক ছবি। স্কুল কর্তৃপক্ষরা জানিয়েছেন, বিজ্ঞানের এই তিনটি বিষয়ে ‘পড়ুয়া–বান্ধব’ প্রশ্নের পরেও ২০–৪০ শতাংশ পড়ুয়ারা ফেল করেছে। পরিস্থিতি সামলাতে কোনও কোনও স্কুল সংসদের পরামর্শ মেনে সাপ্লিমেন্টারি পরীক্ষাও নিয়েছে। আবার অনেক স্কুল অভিভাবকদের ডেকে এই মর্মে মুচলেকাও লিখিয়ে নিয়েছে, যে তাঁদের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে পাশ করতে মন দিয়েই পড়াশোনা করতে হবে। তবুও উদ্বেগ কমছে না স্কুল কর্তৃপক্ষের।