ফের সুজিত বসুকে ইডি-র তলব! ডাকা হল মন্ত্রী রথিনকেও
কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের দমকলমন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে ইডি-র তলব। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আগামী ৬ মে ফের …
কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের দমকলমন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে ইডি-র তলব। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আগামী ৬ মে ফের তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, ওই দিন সুজিত বসুকে তাঁর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে আনতে বলা হয়েছে। (ed summons sujit bose and Rathin Ghosh)
শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে ইডি দফতরে প্রবেশ করেন সুজিত বসু। সন্ধ্যা ৭টা নাগাদ যখন তিনি বাইরে আসেন, তাঁর চোখেমুখে ছিল দীর্ঘ ক্লান্তির ছাপ। টানা ৯ ঘণ্টা তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মন্ত্রী জানান, “আমি সাক্ষী হিসেবে এসেছিলাম। তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আসব।” তবে ইডির উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “কখনও যেন হেনস্থার জন্য ডাকা না-হয়।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “ব্যবসা করা কখনও কোনও অপরাধ নয়, চুরি করাটাই অপরাধ।”
ভোটের ক্লান্তি না মিটতেই ডাক
এর আগে ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন সুজিত বসু। বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন। শেষ পর্যন্ত বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ মেনে ১ মে তিনি হাজিরা দেন। উল্লেখ্য, এর আগে সুজিতের পুত্র সমুদ্রকেও তলব করেছিল ইডি এবং মন্ত্রীর বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছিল।
রথীন ঘোষকেও তলব
একই দিনে তলব করা হয়েছে আর এক মন্ত্রী রথীন ঘোষকেও। তাঁকেও ইতিপূর্বে পুরনিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তলব করা হলেও ভোটের কারণে তিনি সময় চেয়েছিলেন। আগামী ৪ মে রাজ্যের ভোটের ফলাফল ঘোষণার ঠিক দুদিন পরেই তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই কেন্দ্রীয় তদন্তের জাল যেভাবে ক্রমশ মন্ত্রীদের দিকে গুটিয়ে আসছে, তাতে ৪ মের ফলের আগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তুঙ্গে।